পাবনার চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বিরোধপূর্ণ জমি জবরদখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় জমির আবাদকৃত পাট কেটে নিয়েছে প্রতিপক্ষ। এনিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও একপক্ষ তা অমান্য করেছে। আদালতের নির্দেশনা মোতাবেক চাটমোহর থানা পুলিশও বিরোধপূর্ণ জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেছে। এনিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা গেছে,উপজেলার গুনাইগাছা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মো.আজাহার আলী গং এর কর্তৃক গুনাইগাছা মৌজায় ক্রয়কৃত ভোগ দখলীয় জমি নিজেদের দাবি করে গুনাইগাছা গ্রামের রফিজ প্রাং গং জবরদখলের অপচেষ্টা করেন। এ বিষয়ে আজাহার আলী গুনাইগাছা ইউনিয়ন পরিষদে অভিযোগ দাখিল করেন। এনিয়ে গত ১৮ আগস্ট গুনাইগাছা ইউনিয়ন পরিষদে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষই সময় প্রার্থনা করলে তা মঞ্জুর করা হয়। এরইমধ্যে রফিজ প্রাং গং দলবল নিয়ে আজাহার আলীর হক দখলীয় সম্পত্তি জবরদখল করে পাট কেটে নেয় এবং ধান রোপনের অপচেষ্টা করেন। এদিকে রফিজ প্রাং পাবনার আদালকে একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়। আদালত এ ব্যাপারে চাটমোহর থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। চাটমোহর থানা থেকে এএসআই শফি মাহমুদ বিরোধপূর্ণ জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নির্দেশ প্রদান করেন। কিন্তু রফিজ গং নিজে বাদী হয়েও আদালদের নির্দেশনা না মেনে অন্যের জমি জবরদখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আদালতে পরবর্তী শুনানীর তারিখ ২৭ সেপ্টেম্বর। এই জমি জবরদখল নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন মূহুর্তে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।
এ ব্যাপারে রফিজ প্রাং এর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। আজাহার আলী জানান,তিনি ১৯৭৮ সালে এই জমি কিনে ভোগদখল করছি। এরইমধ্যে জমি ক তফসিলভুক্ত হলে,নিয়মানুযায়ী সরকারের কাজ থেকে লীজ গ্রহণ করে চাষাবাদ করছি। এখন রফিজ গং জমি দখলের অপচেষ্টা করছে।
গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান,আদালতে মামলার বিষয়টি তার জানা ছিলনা। তাই সাীরশ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এখন আদালতেই এর সুরাহা হবে। জমি জবরদখলের বিষয়টি তার জানা নেই।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,আদালতের নির্দেশনা মোতাবেক উভয় পক্ষকে আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বহায় রাখার কথা বলা হয়েছে। কেউ তা ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।