নাটোরের বড়াইগ্রামে ৪০ লাখ টাকা মুক্তিপণের দাবীতে অপহৃত শিশু আলহাজ¦ আহমেদ (৮) কে তিনদিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা আনুষ্ঠানিকভাবে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। এর আগে আলহাজ¦কে অপহরণের অভিযোগে তার মামা বড়াইগ্রামের বাগডোব গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে কামরুল হাসান (২৫) কে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশু আলহাজ¦ বাগডোব গ্রামের আকতার হোসেন প্রামাণিকের ছেলে। অপহৃত শিশুর পিতা আকতার হোসেন অপহরণকারী কামরুলের নানার ভাই এবং অপহৃত ও অপহরণকারী দুজন সম্পর্কে মামা-ভাগিনা বলে জানা গেছে। এদিকে, অপহরণের কাজে ব্যবহৃত সাদা রংয়ের টয়োটা প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১১-২৬৭৬) টি জব্দ করেছে পুলিশ।
অপহৃতের পরিবার ও থানা সুত্রে জানা যায়, গত শনিবার দুপুর ১২টার দিকে বাবা-মা বিলে কাজ করতে গেলে আলহাজ¦ তার বাড়ির পাশে খেলাধুলা করছিল। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান না মেলায় পিতা-মাতাসহ স্বজনরা দিশেহারা হয়ে পড়েন। রোববার ভোরে ০১৯১৭০৩১৩০১ নম্বর থেকে আলহাজের পিতা আকতার হোসেনের মোবাইলে একটি কল আসে। এ সময় তার ছেলেকে অপহরণ করা হয়েছে জানিয়ে তার মুক্তির জন্য ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। পরে আকতার হোসেন সেই মোবাইল নম্বরসহ থানায় লিখিত অভিযোগ করেন।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক শামসুল ইসলাম জানান, লিখিত অভিযোগ এবং ভিকটিমের স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রথমে কামরুল হাসানকে আটক করে পুলিশ। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করে কামরুল জানায় যে, সে শনিবার আলহাজ¦কে বেড়ানোর কথা বলে তার প্রাইভেটকারে তুলে এদিক-সেদিক ঘুরে পরে সিরাজগঞ্জে নিয়ে যায়। সেখানে ইতঃপূর্বে কারাগারে পরিচিত বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার রুবেল হোসেন অপেক্ষা করছিল। পরিকল্পনা অনুযায়ী আলহাজ¦কে রুবেলের কাছে হস্তান্তর করে কামরুল নিজ এলাকায় ফিরে আসে। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সোমবার ঢাকা থেকে অপহৃত আলহাজ¦কে উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এ সময় অপর অপহরণকারী রুবেল কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।