নীলফামারী জেলায় করোনায় আক্রান্ত হরিদাস চন্দ্র রায় (৬২) নামের ১ জন মারা গেছে। তিনি ডোমার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের চাকদাপাড়া মহল্লার মৃত জলধর রায়ের ছেলে। অপরদিকে এ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। ২৪ আগস্ট বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির।
হরিদাস চন্দ্র রায়ের ছেলে মৃন্ময় চন্দ্র রায় জানান, তার বাবা চলতি বছরের ২২ ফেব্রুয়ারী প্রথমডোজ ও ২০ এপ্রিল দ্বিতীয় ডোজ করোনা টিকা গ্রহন করেছিলেন ডোমার উপজেলা হাসপাতালে। এর ৩ মাস পর তিনি অসুস্থ্যবোধ করলে গত ২৩ জুলাই তার করোনা নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়। দিনাজপুর পিসিআরে নমুনা পরীক্ষায় ২৪ জুলাইয়ের রির্পোটে করোনা পজেটিভ আসে। এরপর তাকে দিনাজপুর এম আবদুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। করোনার পাশাপাশি তিনি উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। সেখানে আইসিইউতে ৩০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৩ আগস্ট রাত ৯টায় মারা যান। মরদেহ দিনাজপুর থেকে ডোমারের গ্রামে এনে স্বাস্থ্যবিধি মেনে সৎকার করা হয়।
এদিকে জেলা করোনা কন্ট্রোল রুমের সূত্র মতে, গত ২৪ ঘন্টায় ২৮৮ নমুনায় ১৭ জনের করোনা পজেটিভদের মধ্যে জেলা সদরে ৮ জন, সৈয়দপুর উপজেলায় ২ জন, ডোমার উপজেলায় ১ জন, ডিমলা উপজেলায় ৪ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ২ জন রয়েছে। এতে জেলায় সংক্রমনে গড় হার দাঁড়িয়েছে ৫.৯০ শতাংশ।
অপরদিকে ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৮ জন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ৬ জন, নিজবাড়িতে ৯৩ জন, সৈয়দপুর হাসপাতালে ৮ জন, নিজবাড়িতে ২৭০ জন, ডোমার উপজেলায় নিজবাড়িতে ২৭ জন, ডিমলা উপজেলার নিজবাড়িতে ১০ জন, জলঢাকা উপজেলার নিজবাড়িতে ১৮ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৪৮ জন ও রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৮ জন।
উল্লেখ যে, এনিয়ে চলতি আগস্ট মাসে জেলায় করোনায় মারা গেলেন ৫ জন। গত জুলাই মাসে ৩১ জনের মৃত্যু হয়। শুরু থেকে এ পর্যন্ত জেলায় ৭১ জনের মৃত্যু হলো।