জয়, পরাজয় কিংবা ড্র, ম্যাচের ফল যাই হোক না কেন জালের দেখা পেয়েই চলছে বায়ার্ন মিউনিখ। আর এই পরিক্রমায় দারুণ একটি রেকর্ডও গড়েছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা দলগুলোর মধ্যে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার কীর্তি এখন তাদের। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে টানা ৭৪ ম্যাচে জালের দেখা পেয়েছে জার্মানির ক্লাবটি। তারা ছাড়িয়ে গেছে ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদের ৭৩ ম্যাচের রেকর্ড। গত মঙ্গলবার জার্মান সুপার কাপে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে রিয়ালের পাশে বসেছিল বায়ার্ন। রোববার ঘরের মাঠে বুন্ডেসলিগায় কোলনের বিপক্ষে ৩-২ গোলে জিতে লা লিগার সফলতম দলটিকে টপকে যায় তারা। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সবশেষ গোল পায়নি বায়ার্ন। লাইপজিগের বিপক্ষে তারা গোলশূন্য ড্র করেছিল। এই সময়ে ২১৪ গোল করেছে জার্মানির সফলতম দলটি। যেখানে সবচেয়ে বড় কৃতিত্ব ক্লাবটির ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা রবের্ত লেভানদোভস্কির। দলটির হয়ে এই সময়ে পোলিশ স্ট্রাইকার করেছেন ৭২ গোল। বুন্ডেসলিগা ছাড়াও জার্মান কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার ও জার্মান সুপার কাপে টানা গোল করেছে বায়ার্ন। এই সময়ে সবচেয়ে বেশি ১৪ বার বরুশিয়ার জালে বল পাঠিয়েছে তারা। এতদিন রেকর্ডটি ধরে রাখা রিয়াল মাদ্রিদ তাদের উজ্জ্বল সেই সময়ে ৭৩ ম্যাচে করেছিলেন ২০০ গোল।