বাংলাদেশ জলসীমায় ঢুকে মৎস্য ও কাঁকড়া আহরণের সময় চার ভারতীয় জেলেকে আটক করেছে বনবিভাগ। তাদেরকে গত রোববার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসানের নির্দেশে পুষ্পকাটি টহল ফাঁড়ির অধিনস্থ পাকড়াতলী খাল থেকে ট্রলার ও মাছ ধরার সরঞ্জাম সহ আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন, ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার পার্বতী গ্রামের বিকাশ মন্ডল (৪০) শিকদার কৃষ্ণ (৪৫) অলোক সরদার (৩৮) ও গুরুধর সরদার (৪৪)। পুষ্পকাটি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, ম্যানগ্রোভ বনভূমির ইকোসিস্টেম পুনরুজ্জীবিতকরণ এবং প্রজনন মৌসুম হওয়ায় তিন মাস সুন্দরবনের মৎস্য ও মৎস্যজাত সব ধরনের আহরণ সরকারিভাবে বন্ধ। এই নিষেধজ্ঞা অমান্য করে বাংলাদেশি সীমানায় প্রবেশ করে অবৈধভাবে মৎস্য আহরণের অপরাধে চার ভারতীয় জেলেকে আটক করা হয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।