রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রামে চার কোটি ৪২ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়ভাবে নির্মিত হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক। আর দ্রুত গতিতে এগিয়ে চলেছে শিশুপার্কটির উন্নয়ন কাজ। সোমবার (২৩ আগস্ট) দুপুরে পার্কটির উন্নয়ন কাজ পরিদর্শনকালে এ কথা বলেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় উন্নয়ন কাজ ঘুরে দেখার পাশাপাশি কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে তিনি খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি বলেন, নগরায়ণের কারণে শিশুদের খেলার জায়গা ও আড্ডাস্থল কমে যাচ্ছে। ফলে শিশু ও বয়স্কদের কথা চিন্তা করে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় শিশুপার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে শেখ রাসেল শিশু পার্কের নির্মাণ কাজ এগিয়ে চলেছে।
শেখ রাসেল শিশুপার্কের দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়ভাবে সাজাতে ডিজাইন তৈরি করা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, সিটি কর্পোরেশনের ডিজাইন অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান সেই কাজ বাস্তবায়ন করছে। শেখ রাসেল শিশুপার্কে থাকবে উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থাসহ আধুনিক প্রবেশ গেট, ওয়াটার বডি, দৃষ্টিনন্দন ব্রিজ, মুক্তমঞ্চ, সবুজায়ন, কৃত্রিম টিলা, শিশুদের জন্য বিভিন্ন রাইড, চলাচলের জন্য রাস্তা, পাবলিক টয়লেট সহ আধুনিক সুযোগ-সুবিধা। ফলে এটির উন্নয়ন কাজ শেষ হলে শেখ রাসেল শিশু পার্কটি হবে শিশুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র।