দেশের ১৫০ উপজেলায় সরকারের শতভাগ বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা দেওয়ার ঘোষণায় পাবনার সুজানগরে বয়স্ক ও বিধবা ভাতা প্রত্যাশীদের অনলাইনে আবেদন করার হিড়িক পড়েছে। প্রতিদিন শত শত বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা প্রত্যাশীরা স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলার বিভিন্ন দোকানের কম্পিউটার থেকে অনলাইনে আবেদন করছেন। অনেকে আবার উপজেলা সমাজসেবা অফিস থেকেও আবেদন করছেন।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, সরকার সুজানগরসহ দেশের ১৫০ উপজেলায় শতভাগ বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা দেওয়ার ঘোষণা দেওয়ায় চলতি আগস্ট মাসের ১৩তারিখ থেকে সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা প্রত্যাশী নারী-পুরুষ আবেদন শুরু করেছেন। এ আবেদন চলবে আগামী ৩১আগস্ট পর্যন্ত। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান জানান, ইতোমধ্যে উপজেলার প্রায় ১০হাজার নারী-পুরুষ ঐ ভাতার জন্য আবেদন করেছেন। আবেদন শেষে যাচাই-বাছাই করে সরকারের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।