রোববার সকালে বিরলের ০৩ নং ধামইর ইউনিয়নের সরকার অনুমোদিত বিসিআইসি সার ডিলার মেসার্স রিমা এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম সরকার স্থানীয় কৃষকদের বঞ্চিত করে অধিক মুনাফায় অন্য স্থানে সার বিক্রয়ের প্রতিবাদে এবং ডিলারের লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা। পরে কৃষি কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে আশ্বস্ত করা হলে কৃষকরা শান্ত হয়।
ধামইর ইউনিয়নের মোঃ সেলিম, রিয়াজুল, ফিরোজ, বাবুল হোসেন, মমিনুল ইসলাম, তরিকুল ইসলামসহ উপস্থিত অন্যান্য কৃষকদের অভিযোগ দিনের পর দিন সার মজুদ থাকলেও স্থানীয় কৃষকদের নিকট সরবরাহ না করে অন্য ইউনিয়ন ও থানা এলাকায় অধিক মুনাফায় সারগুলো ডিলার বিক্রয় করেন। শনিবার সকালে তিনি ট্রাক্টরযোগে অন্য উপজেলায় বিপুল পরিমাণ সার স্থানান্তর করেন। কৃষকরা সার ক্রয় করতে এসে ডিলারের দোকান ও গুদামে সার নাই বলে ফিরিয়ে দেয়া হলে একে একে ক্ষোভে সম্মিলিতভাবে জোট বেঁধে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় কৃষকগণ।
এ ব্যাপারে বিসিআইসি সার ডিলার মেসার্স রিমা এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম সরকার জানান, হঠাৎ করে টিএসপি চাহিদা বেশি হওয়ায় মজুদ সাপেক্ষে তিনি পর্যাপ্ত সরবরাহের চেষ্টা করছেন। অন্য ইউনিয়নে সার সরবরাহের বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবি করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমেদ জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এএইচএম গোলাম কবীর এর উপস্থিতিতে ওই ডিলারের দোকানে সার ক্রয়-বিক্রয় কার্যক্রম তদারকি করা হচ্ছে। কোন কৃষক যেন সার পাওয়া থেকে বঞ্চিত না হোন আমরা কৃষি বিভাগ বিষয়টি সার্বক্ষণিক তদারকি করছি। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুদ রয়েছে।
অপরদিকে, স্থানীয় কৃষকেরা সিরাজুল ইসলাম সরকার এর ডিলারের লাইসেন্স বাতিল করে ধামইর ইউনিয়নে মৌসুম অনুযায়ী কৃষকদের নিকট ন্যায্য মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।