নিখোঁজের দু’দিন পর পাবনার চাটমোহরের বিলপাড় থেকে সিএনজি অটোরিকশা চালক এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্র ইমন হাসান (১৬) চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামের জাকির হোসেনের ছেলে। পরিবারের দাবি,সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের জন্য ইমনকে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ শুক্রবার রাতভর অভিযান চালিয়ে ৪জনকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সা। অভিযানে নেতৃত্ব দেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম,চাটমোহর সার্কেলের এএসপি সজীব শাহরীন ও চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন। তবে তদন্তের স্বার্থে পুলিশ আটককৃতদের নাম বলেনি। আটককৃতরা ছিনতাই ও হত্যার সাথে জড়িত বলে স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
পুলিশ জানিয়েছে,শুক্রবার সকালে চাটমোহর-মান্নাননগর সড়কের নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম-দরাপপুর ব্রিজের অদূরে সড়কের পাশে বিলের পানিতে একজনের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন জানান,গত বুধবার (১৮ আগস্ট) সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় ইমন। রাত দশটার দিকে বনপাড়া-হাটিকুমরুল সড়কের মান্নাননগর থেকে চারজন যাত্রী চাটমোহরে যাওয়ার উদ্দশ্যে সিএনজি ভাড়া করে রওনা হয়। তারপর থেকে ইমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মুঠোফোনও বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বৃহস্পতিবার চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। শুক্রবার লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি সনাক্ত করেন ইমনের স্বজনরা।
এদিকে লাশ উদ্ধারের পরপরই পুলিশ হত্যার ক্লু ও সিএনজি উদ্ধারে তৎপর হয়। রাতভর অভিযান চালিয়ে আটক করা হয় ৪জনকে। তাদের দেওয়া তথ্যমতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা থেকে সিএনজিটি উদ্ধার করে পুলিশ।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠনো হয়। ইমনকে হাত-পা বেঁধে হক্যা করে পানিতে ফেলে দিয়ে সিএনজি নিয়ে যায় দুর্বৃত্তরা। রাতভর অভিযান চালিয়ে ৪জনকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে সিএনজি। আটককৃতরা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তবে তদন্তের স্বার্থে আপাতত: তাদের নাম বলা যাচ্ছেনা। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।