পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে হাবিব হোসেন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১আগস্ট) দুপুর ২ টার দিকে ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চড়কুড়ুলিয়া মালপাড়ার ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত হাবিব ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়নের চড়কুড়ুলিয়া গ্রামের দাউদ প্রামাণিকের ছেলে।
জানা যায়, কিশোর হাবিব শনিবার দুপুর ২ টার দিকে তার বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। সাথে থাকা অন্য বন্ধুরাও তাকে বাঁচাতে পারেনি।
পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করে ১ ঘন্টা পর বিকেল ৩ টার দিকে হাবিবের মরদেহ নদী থেকে উদ্ধার করে।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) রায়হান পারভেজ জানান, খবর পেয়ে নিহত হাবিব হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, বন্ধুদের সাথে গোসলে নেমে সে সাঁতার না জানায় তলিয়ে যায়। অপর বন্ধুরা চেষ্টা করেও তাকে বাঁচাতে ও উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।