পাবনার ভাঙ্গুড়ায় আলহাজ্ব আব্দুস সামাদ (৭৬) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক পকেটমারের ছুরিকাঘাতে আহত হয়েছেন । এসময় তাঁর পকেট থেকে পাঁচ হাজার টাকা তুলে নেয় তাঁরা । আহত শিক্ষক পৌর শহরের মাস্টারপাড়া মহল্লার বাসিন্দা ও উপজেলা শিক্ষক সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি। এঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোর ৬ টার দিকে শহরের বড়ালব্রিজ রেলওয়ে ষ্টেশনে ।
জানাগেছে, শিক্ষক আব্দুস সামাদ তাঁর ছেলেকে নিয়ে লোকাল ট্রেনে ঢাকায় যাবার উদ্দেশ্যে ভোরে বড়ালব্রিজ রেলষ্টেশনে পৌঁছান । ৬ টার দিকে ষ্টেশনে ট্রেন থামলে প্রচন্ড ভীড়ের মধ্যে ট্রেনে উঠার সময় পিছন দিকে থেকে পকেটমাররা তাঁকে ছুরিকাঘাত করে । এতে তিনি আহত হন। এসময় তাঁর পাঞ্জাবীর পকেটে থাকা পাঁচ হাজার টাকাও তুলে নেয় তাঁরা । পরে তাঁকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
তাঁর ছেলে উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাঁর পিতা আব্দুস সামাদ ও তিনি ঢাকায় যাবার পথে ট্রেনে উঠতেই এমন ঘটনা ঘটে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। তবে তিনি খোঁজ নেবেন বলে জানান।