একটি জেলা বাদে বাংলাদেশের বাকি ৬৩টি জেলায় একযোগে জামআতুল মোজাহিদ বাংলাদেশ (জেএমবি) বোমা বিস্ফোরনের ১৬তম বার্ষিকীর সময় আফগানিস্তানের তালেবানরা অন্তবর্তিকালিন সরকার গঠনের তৎপরতা চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, তালেবানদের সাথে সংহতি প্রকাশ করতে বাংলাদেশের থেকে কিছু যুবক আফগানিস্তান যাবার চেষ্টা করছে। তারা আগে আফগানিস্তানে গিয়ে তালেবানদের পক্ষে যুদ্ধ অংশ নিয়েছে এবং দেশে নব্য জেএমবি সেজে ধর্মের নামে সন্ত্রাসী কাজে যোগ দিয়েছে। তারা বাংলাদেশকেও তালেবানী রাষ্ট্রে পরিনত করতে চায়। অন্যদিকে রাজধানী কাবুলে তালেবান বাহিনীর নিয়ন্ত্রন প্রতিষ্ঠার পরদিনই দেশ ছাড়তে ভীত সন্ত্রস্ত হাজারো মানুষ জড়ো হয় বিমানবন্দরে। বিমান বন্দরে প্লেনে ওঠার মরিয়া চেষ্টায় সৃষ্ট বিশৃংঙ্খলায় অন্তত: পাঁচ জন নিহত হয়। নিকট প্রতিবেশি পাকিস্তান সীমান্তেও মানুষের ঢল লক্ষ্য করা গেছে।
শুধু আফগানিস্তানের জনগন নয়, তালেবানের ক্ষমতা দখল নিয়ে উৎকন্ঠা ছড়াচ্ছে বিশ^জুড়ে। দু’দশক পর প্রায় রক্তপাতহীনভাবে তালেবানের কাবুল দখল বিশ^ রাজনীতিতে বিষ্ময় সৃষ্টি করেছে। এর মধ্যেই শুরু হয়েছে তালেবান শাসনের রূপরেখা কেমন হবে তা নিয়ে আলোচনা। তালেবান মুখপাত্র আল-জাজিরাকে বলেছেন, আফগানিস্তানের নতুন সরকার কেমন হবে, তা শিগগিরই প্রকাশ হরা হবে। তালেবান বিচ্ছিন্ন থাকতে চায় না। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিলে এগোতে চান তারা। লক্ষনীয় ব্যাপার হচ্ছে, তালেবানদের ক্ষমতা দখল নিয়ে বিশ^ নেতৃবৃন্দ আগের মতে জোরালো প্রশ্ন তুলছেন না। যুক্তরাষ্ট্র বলেছে, মানুষের মৌলিক অধিকার রক্ষার শর্ত মানলে ওয়াশিংটন তালেবানকে স্বীকৃতি দিতে প্রস্তুত। অন্যদিকে চীন, রাশিয়া তালেবানের ওপর আস্থা রাখার আভাস দিয়েছে। এমনকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদও আফগানিস্তানের সব পক্ষের অংশ গ্রহনে মতৈক্যের সরকার গঠনের আহবান জানিয়েছে।
তালেবান ১৯৯৬-২০০১ সালে ক্ষমতায় থাকার সময় যে শাসন ব্যবস্থা চালু করেছিলো, তাতে জনগনের অংশ গ্রহনের কোনো পথ ছিল না। নাগরিকদের মৌলিক মানবাধিকার গুলো অনুপস্থিত ছিল। বল প্রয়োগ করে কথিত আচরনবিধি বাস্তবায়িত হয়েছিল, নারীদের মৌলিক অধিকারগুলো হরন করা হয়েছিল, সাংস্কৃতিক কর্মকান্ড নিষিদ্ধ করা হয়েছিল। ইসলামী সমাজ গঠনের নামে তারা এসব করেছিল। কিন্তু ইসলামি চিন্তায়ও যে বৈচিত্র আছে, বাহুমাত্রিকতা আছে, তা তালেবান স্বীকার করে নি। তবে শত ভয়ের মাঝেও আশার কথা হচ্ছে, তালেবানরা আবারো আফগানিস্তানে পূর্বের নিয়মনীতি চালু করবে এমন আভাস তারা দেয় নি।
তবে উপমহাদেশের ধর্মীয় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বেশ পুলকিত এবং অনুপ্রাণীত তালেবানদের আফগানিস্তান দখলে। তারা আবারো সংগঠিত হবার চেষ্টা করবে। তবে বাংলাদেশের পুলিশ বলছে, তাদের আর সংগঠিত হবার আশংকা নেই। তাছাড়া ছোট বড় কোনো নেতৃত্ব ও এখন আর তাদের সামনে নাই। তাদের গতিবিধির প্রতি কড়া নজর রাখা হয়েছে। তেমন কিছু চোখে পড়লে সাথে সাথেই তা আইনের আওতায় আনা হবে। ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। এক যোগে বোমা হামলায় যে মামলাগুলোর বিচার এখনো শেষ হয়নি সেগুলো দ্রুততম সময়ে শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এবং নব্য জেএমবিদের প্রতি শতর্ক দৃষ্টি দেওয়া প্রয়োজন। দেশের প্রগতিশীল মানুষরাও এমনটাই প্রত্যাশা করে।