দিনাজপুরের পার্বতীপুরে একটি পিস্তল ও একটি শুটারগানসহ এক কলেজ ছাত্রকে আটক করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। সে আমবাড়ী ডিগ্রী কলেজের একাদশ বর্ষের ছাত্র। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পার্বতীপুর মডেল থানায় ১৮৭৮ সালের আগ্নেয়াস্ত্র আইনের ১৯ এর ২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গত বুধবার রাতে উপজেলার আমবাড়ী পুরাতন গরুর হাট এলাকার লিচু বাগান থেকে তাকে আটক করা হয়। আটককৃত ছাত্রের নাম মোঃ সজিব রানা (২২)। সে চিরিরবন্দর উপজেলার পুনট্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোঃ আমিনুল হকের ছেলে।
পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) সুজয় কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী এলাকার একটি লিচু বাগানে অবস্থান নেয় পুলিশ। এ সময় ওই পথে আসা মোটর সাইকেল আরোহী সজিব রানার ব্যাগ তল্লাশি করে একটি ৯ এমএম পিস্তল, একটি এলজি শুটার গান, একটি ম্যাগজিন ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনিছুর রহমান সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।