শেরপুরের শ্রীবরদী বালিজুড়ি খ্রীষ্টান পাড়ায় বন বিভাগ কর্তৃক আদিবাসী কৃষকদের জুমের ফসল কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কের উপজেলা পরিষদের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি করেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখা। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি অনিক চিরান, নালিতাবাড়ি উপজেলা শাখার সভাপতি সুহেল রেমা, শ্রীরবদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাঞ্চন ¤্রং প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, শ্রীবরদী উপজেলার বালিজুড়ি খ্রীষ্টান পাড়া এলাকায় আদিবাসীদের কেটে ফেলা ফসলের ক্ষতি পূরণের জন্য দাবি জানান। একই সঙ্গে এ কাজে জড়িত বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণেরও দাবি জানান তারা। মানববন্ধন শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে প্রধান মন্ত্রী বরাবর ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারক আল মাসুদ বলেন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখার পক্ষ থেকে আমার কাছে প্রধান মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়েছে। স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।