উজান থেকে আসা ঢলের কারণে পানি বাড়ছে রাজশাহীর পদ্মায়। ডুবে যাচ্ছে পদ্মা তীরবর্তী নি¤œাঞ্চলগুলো। ইতিমধ্যেই শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় দুই হাজার পরিবার জলমগ্ন হয়ে পড়েছে। বুধবার (১৮ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত এই পদ্মার পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আর প্রতিদিন গড়ে ১০ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। আগস্ট মাস জুড়েই রাজশাহীর পদ্মায় পানি আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ‘বোয়ালিয়া, রাজশাহী’ স্টেশনে মঙ্গলবার সকাল ৬টায় পদ্মার পানি ছিল ১৭ দশমিক ৫৯ মিটার উচ্চতায়। পরে বিকেল ৩টায় এই পানি ৪ সেন্টিমিটার বেড়ে ১৭ দশমিক ৬৩ সেন্টিমিটার উচ্চতায় ওঠে। বুধবার (১৮ আগস্ট) সকাল ৬টায় তা বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ৭১ সেন্টিমিটার। আর বেলা ৩টায় এই পানি ৪ সেন্টিমিটার বেড়ে ১৭ দশমিক ৭২ সেন্টিমিটার।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী পাউবোর হাইড্রোলজি বিভাগের পানি পরিমাপক এনামুল হক বুধবার (১৮ আগস্ট) বিকেলে বলেন, উজানে ঢলের কারণে পদ্মায় পানি বাড়ছে। আগস্ট মাসজুড়েই পানি এভাবে বাড়তে পারে। প্রতিদিন গড়ে ১০ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।
এদিকে পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের বাড়িতে পানি ঢুকে পড়েছে। নগরীর রানিনগর এলাকায় অবস্থিত প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালার মাঠ সম্পূর্ণ প্লাবিত হয়েছে। বর্তমানে সেখানে এখন প্রায় হাঁটুপানি।
বিদ্যালয়ের পাশেই জরিনা বেগমের বাড়ি। তবে তার বাড়ি আরও একটু নিচু হওয়ায় এখন প্রায় কোমরপানি। এ কারণে তারা পরিবারের সদস্যদের নৌকায় করে বাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে।
পদ্মা নদীর ধারে ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন রাবেয়া বেগম (৫৫)। তিনি বলেন, খাওয়ার যেমন কষ্ট, তার চেয়ে বড় কষ্ট ঘুমানোর। সারা রাত বসেই কাটাতে হচ্ছে। পানি বাড়লে বিপদও বাড়বে। তখন কীভাবে চলবো, বুঝতে পারছিনা। এমন পরিস্থিতিতে তাদের পাশে সরকারি বা কোন ব্যক্তি প্রতিষ্ঠান এখন পর্যন্ত সহযোগিতার হাত বাড়ায়নি বলেও ক্ষোভ করেন।
এখানকার ডুবে যাওয়া কয়েকজন বাসিন্দার সাথে আলাপকালে তারা জানান, ভোটের সময় আসলে কত নেতাদের আনাগোনা দেখি। পাশ করলে এইডা দিব, সেইডা দিব বললেও এখন আর কারো পাত্তা নাই।
এ বিষয়ে মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী বলেন, পঞ্চবটি এলাকা থেকে হাদির মোড় পর্যন্ত আমার ওয়ার্ডের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছে। এমন পরিস্থিতিতে তাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে বিভিন্ন চেষ্টা অব্যাহত রয়েছে।