পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল চূর্ণকার পাড়ায় চলাচলের রাস্তা টিন দিয়ে ঘিরে বন্ধ করে দেওয়ায় ৪২টি সংখ্যালঘু পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৭ আগষ্ট) সন্ধ্যায় অবরুদ্ধ পরিবারের সদস্যরা হান্ডিয়াল বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে। কিন্তু চলাচলর রাস্তা অবমৃক্ত করা হয়নি।
অভিযোগে জানা গেছে,হান্ডিয়াল ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের বিরাম প্রামাণিকের ছেলে রবিউল করিম বিএসসি প্রায় একশত বছরের পুরাতন চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। রাস্তা সব অংশ টিন দিয়ে ঘিরে দিয়েছেন। ফলে চূর্ণকারপাড়ার ৩৮টি সংখ্যালঘু পরিবারসহ ৪২টি পরিবারের লোকজনের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। হান্ডিয়াল বাজার হতে চূর্ণকার পাড়ায় ঢোকার এটি একমাত্র চলাচলের রাস্তা বলে জানান এলাকাবাসী। এই রাস্তা দিয়েই ওই পাড়ার বাসিন্দারা হাট-বাজার,স্কুল কলেজ,রোগী নিয়ে হাসপাতালসহ অন্যান্য স্থানে চলাচল করে থাকেন। তাছাড়াও এই পাড়ায় রয়েছে একটি মন্দির। পূজা অর্চনা করতে ভক্তবৃন্দ যাতায়াত করে থাকেন। সম্প্রতি ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি রবিউল করিম গং চলাচলের রাস্তা টিনের বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন। ফলে এলাকার মানুষজন চরম দূর্ভোগে পতিত হয়েছে। তারা পাশের খালের পাড় দিয়ে অতি কষ্টে যাতায়াত করছেন।
এ ঘটনার প্রতিবাদে ওই পাড়ার বাসিন্দারা মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চলাচলের জন্য রাস্তা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন,হান্ডিয়াল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কে এম মইনুর রহমান হীরক,চূর্ণকারপাড়ার বাসিন্দা মুকুল বসাক,সুপদ সরকার,জনি বসাক,রবিদাস,পরেশ দাস প্রমুখ। এলাকাবাসী জানান,এই রাস্তাটি বন্ধ করে দেওয়ায় রোগী ও শিক্ষার্থীসহ এলাকার শত শত নারী-পুরুষের চলাচলে মারাত্মক অসুবিধা সৃষ্টি হচ্ছে। তারা রাস্তাটি অতি দ্রুত খুলে দেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন বলেন,বিষয়টি খুবই অমানবিক। ওই ব্যক্তি কোন কিছুর তোয়াক্কা না করেই রাস্তাটি ঘিরে ফেলেছে। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেছি। সম্ভব হয়নি। আমি বিষয়টি ইউএনও মহোদয়কে জানিয়েছি।
এ বিষয়ে রবিউল করিম বিএসসি বলেন,আমার জমি আমি ঘিরে দিয়েছি। এটা সরকারি রাস্তা নয়। পাড়ার লোকজন কোথা দিয়ে যাবে,আমি তা জানিনা। চলাচলের রাস্তা ঘিরে প্রতিবন্ধকতা করা যায় কিনা-এ প্রশ্নের জবাবে তিনি বলেন,আমি এর জবাব দেবো না। আপনি সাংবাদিক,এখানে আপনার কী। প্রশাসন আমার কি করবে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সৈকত ইসলাম বলেন,আমি ঘটনাটি জানার পর আজ (বুধবার) স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়েছি। আগামী শুক্রবার আমি নিজেই ঘটনাস্থলে যাবো। ইউপি চেয়ারম্যানকেও থাকতে বলা হয়েছে। কেউ চলাচলের রাস্তা বন্ধ করতে পারেনা।