গরু ছাগলের দখলে সরকারী দ্বিতল অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার। জেনে অবাক লাগলেও এমন চিত্রই দেখা গেছে নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে অবস্থিত অডিটরিয়াম ভবনে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা আর দীর্ঘ ৪১ বছরেও প্রকল্পের পুরো কাজ শেষ না হওয়ায় ভবনটির বর্তমানে এমন বেহাল অবস্থা বলে জানা গেছে। একসময় স্থানীয়ভাবে পাবলিক লাইব্রেরি হিসাবে ব্যবহৃত ভবনটির এমন দশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিরা।
জানা গেছে, ১৯৮০-৮১ অর্থবছরে তৎকালীন সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে জেলার অন্যান্য উপজেলার (তৎকালীন থানা) মত বড়াইগ্রাম থানার মোড়ে স্থানীয় বাসিন্দা আবদুস সামাদের দান করা জমিতে ৫৫ লাখ টাকা ব্যয়ে একটি অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মাণ কাজ শুরু হয়। তার মধ্যে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবনের ফাউন্ডেশন থেকে নীচতলার কাজ সম্পন্ন করে দ্বিতীয় তলার দেয়াল গাঁথা হয়। কিন্তু তহবিল সংকটের কারণে ঠিকাদার কাজ বন্ধ করে দেয়ায় দোতলার ছাঁদ ঢালাই ও জানালা দরজা লাগানো হয়নি। এরপর থেকে কয়েক দফা ক্ষমতার পালাবদলে অন্যান্য উপজেলার অডিটরিয়ামের নির্মাণ কাজ শেষে কার্যক্রম পরিচালিত হলেও এ অডিটরিয়ামটির নির্মাণ কাজ সম্পন্নের কোন উদ্যোগ দেখা যায়নি। বর্তমানে অব্যহৃত ভবনটির রডে মরিচা ধরে আরসিসির পিলার এবং ইটে লোনা ধরে ওয়ালে একাধিক ফাটল দেখা দিয়েছে। ইতোঃপূর্বে বড়াইগ্রাম পৌরসভা ও জেলা পরিষদের অর্থায়নে কিছুটা সংস্কার করে ভবনটিতে কখনও বড়াইগ্রাম পাবলিক লাইব্রেরি আবার কখনও পৌর কমিউনিটি পুলিশিংয়ের কার্যালয় হিসাবে ব্যবহার করা হলেও বর্তমানে এটি পুরোপুরি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় ভবনটির নীচতলায় কয়েকটি গরু বাঁধা, সাথে গরুর খাবার দেবার জন্য সিমেন্টের তৈরী একটি বড় পাত্রও রয়েছে। চারপাশে গরুর মলমুত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কেউ কেউ এতে পাটখড়িসহ অন্যান্য জ¦ালানী সামগ্রী রেখেছেন। সামনে পেছনেসহ ভবনের দেয়াল ও দ্বিতল ভবনের উপর অংশে অজ¯্র লতাগুল্মে ছেয়ে গেছে।
এ সময় সেখানে উপস্থিত ইউপি সদস্য নুর ইসলাম সিদ্দিকী বলেন, জন্ম থেকেই আমরা এমন অর্ধনির্মিত ভবনটি দেখে আসছি। অথচ বড়াইগ্রাম পৌরসভা এলাকায় এখন পর্যন্ত কোন ভাল অডিটরিয়াম নেই। ফলে সাহিত্য-সাংস্কৃতিক কর্মকা- মুখ থুবড়ে পড়ার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানাদি করতেও চরম বেগ পেতে হয়। এ সময় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করা বা নতুনভাবে একটি অডিটরিয়াম নির্মাণের দাবী জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বলেন, আমি এ উপজেলায় যোগদানের পরই জায়গাটি পরিদর্শন করেছি। কিন্তু সম্প্রতি দাতা’র ওয়ারিশরা এ জমিটি ফিরে পেতে আদালতে মামলা করায় সেখানে কোন কিছু করতে পারছি না। তবে মামলা নিষ্পত্তি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় এখানে প্রয়োজনীয় উন্নয়ন কাজ হাতে নেয়া হবে।