প্রতিদিনের মত কাকডাকা ভোরে পুঁজার জন্য জবা ফুল তুলছিলেন নওগাঁর মহাদেবপুরের গৃহবধূ শ্রীমতি দিপালী রায় (৪৫)। আর ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন মাদ্রাসা শিক্ষক আবু বক্কর সিদ্দিক (৪৮)। আধো অন্ধকারে আশপাশে কেউ না থাকার সুযোগে ওই গৃহবধূকে পিছন দিক থেকে জাপটে ধরেন মাদ্রাসা শিক্ষক। তার স্পর্শকাতর অঙ্গে হাত দেন। এমনই অভিযোগে ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন মহাদেবপুর থানায়। পুলিশ বলছে মামলার তদন্ত চলছে। কিন্তু ওই গৃহবধূ বলছেন মামলা উঠিয়ে নেয়ার জন্য তাকে শিক্ষকের লোকজন বিভিন্নভাবে চাপ দিচ্ছে।
গৃহবধূ দিপালী উপজেলা সদরের ব্রাম্মণপাড়া মহল্লার শ্রী অমল রায়ের স্ত্রী। আর অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক উপজেলার হাতুড় ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে ও রামচন্দ্রপুর বাহারুল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে দিপালীর বাড়ীর পাশে বসবাস করে আসছেন। মামলায় অভিযোগ করা হয়েছে যে, প্রতিবেসী ওই শিক্ষক দিপালীকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১৩ আগস্ট ভোরে মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চবিদ্যালয়ের পূর্বপাশের্^ অবস্থিত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমানের বাড়ীর সামনে জবা ফুল তোলার সময় আবু বক্কর সিদ্দিক দিপালীকে জাপটে ধরেন। তার চিৎকারে অন্য মুসল্লিরা এগিয়ে এলে আবু বক্কর পালিয়ে যান। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা না হওয়ায় দিপালী রায় থানায় মামলা দায়ের করেন।
মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য এসআই সাইফুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। এসআই সাইফুল ইসলাম জানান, কয়েকজন মুসল্লি তাকে জানিয়েছেন অন্যের বাগান থেকে না বলে ফুল তোলার প্রতিবাদ করায় শিক্ষক আবু বক্কর সিদ্দিকের সাথে গৃহবধূ দিপালীর বচসা হয়। মামলার তদন্তভার পাবার পর সোমবার (১৬ আগস্ট) তিনি আসামীকে আটক করার জন্য তার বাড়ী ও আত্মীয় বাড়ীতে তল্লাশি চালান। কিন্তু সে পলাতক রয়েছে।