মণিরামপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুইভাই নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের সুন্দলপুর দিপ্র ব্রিকসের নিকট এ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছেন। নিহতরা হলেন, মণিরামপুর উপজেলার লাউড়ি গ্রামের সিরাজুল গাজীর দুই ছেলে সাহাবুদ্দিন গাজী (৪০) ও মঈনুল ইসলাম (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, এদিন মোটরসাইকেলযোগে দুইভাই মণিরামপুর বাজারে যাওয়ার পথে পথিমধ্যে সুন্দলপুর এলাকার দিপ্র ব্রিকসের সন্নিকটে পৌঁছালে সামনের দিক থেকে আসা সাতক্ষীরাগামী মামুন পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে পিছনের চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই বড় ভাই সাহাবুদ্দিনের মৃত্যু হয়। আহত মঈনকে স্থানীয়রা ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথি মধ্যে মধুখালী পৌছালে তারও মৃত্যু হয়।
এদিকে আপন দুই ভাইয়ের সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুতে শোকাবহ পরিবারের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করে হেফাজতে রেখেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি এবং মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।