স্বাস্থ্য বিধি মেনে নানা কর্মসূচির মাধ্যমে সরাইলে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে গতকাল রোববার সূর্যোদয়ের সাথে সাথেই জাতির পিতার প্রতিকৃতিতে পুস্ফস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই সংরক্ষিত আসনের (৩১২) মহিলা এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম, পরে উপজেলা প্রশাসন ও পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, সরাইল সরকারি কলেজ, মহিলা কলেজ, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সরাইল প্রেসক্লাব, বিভিন্ন সরকারি দফতর, অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও প্রতিনিধিরা পুস্ফস্তবক অর্পণ করেন। এরপরই সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিছুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেনের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতির উদ্যেশ্যে সশ্রস্্র ছালাম প্রদান করেন পুলিশের একটি দল। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান। ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিল করেছেন মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, উপজেলা যুবলীগ ও উপজেলা তথ্য কেন্দ্র। পরে তারা প্রয়াতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ ছাড়াও উপজেলার সকল মসজিদ মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।