বিরলে মৎস্য চাষকৃত পুকুরে জোড়পূর্বক পাট জাগ দেয়ায় বিষক্রিয়ায় প্রায় দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বাঁধা নিষেধ না মেনে গায়ের জোরে মাছের ক্ষতি করায় ক্ষতিপূরণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী।
উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের গৌরীপুর মৌজার ৮০৩ নং দাগে ৭৭ শতক কৈকুড়ীপুর নামক পুকুরে স্থানীয় বিজয় চন্দ্র রায়ের ছেলে ভূক্তভোগী ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী নিখিল চন্দ্র রায় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। উক্ত পুকুরে গায়ের জোরে গৌরীপুর গ্রামের মৃত টাংগা দেব শর্মার ছেলে উকিল দেবশর্মা (৫৫), ভবানী দেবশর্মা (৪৯), সুধির দেবশর্মা (৪৭), কৃষ্ণ দেশর্মা (৪৫), অমল দেবশর্মা (৩৮) পাট ক্ষেত থেকে পাট কেটে এনে জাগ দেয়ার জন্য পাট গাছগুলো জাগ দিয়ে রাখে। গত ১৩ আগস্ট বৃহষ্পতিবার হঠাৎ জাগ দেয়া পাট ধূয়ে পানি নোংরা করে বাড়ী ফিরলে ধীরে ধীরে পুকুরের মাছগুলো ভেসে উঠতে থাকে। পরদিন শুক্রবার দিনব্যাপী দূর্গন্ধ ও মরা মাছ ভেসে উঠতে থাকায় বিষয়টি উকিল দেবশর্মা গংদের জানাতে গেলে বিভিন্ন রকমের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে বিষয়টি নিয়ে বাড়াবাড়ী করলে ফল ভালো হবে না বলে জানায় নিখিলকে। উপায় না পেয়ে নিখিল চন্দ্র রায় মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উল্লেখিতদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্র বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে। এ ব্যাপারে ভূক্তভোগী ক্ষতিগ্রস্থ নিখিল চন্দ্র রায় ক্ষতিপূরণ আদায়সহ ক্ষয়ক্ষতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।