পানিতে ডুবে পাবনার ভাঙ্গুড়ায় শাহনাজ খাতুন (৪০ ) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান জোলাপাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আবু সাইদের স্ত্রী ও সন্তানের জননী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গৃহবধূ শাহনাজ একজন মৃগীরোগী। মাঝে মধ্যেই তাঁর মৃগীরোগ দেখা দিতো। ঘটনার দিন শনিবার তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। গবাদিপশুকে ঘাস খাওয়ানোর জন্য ভোরে ঘুম থেকে ওঠে গৃহবধূ শাহনাজ। পরে তাঁর চার মাসের দুধের বাচ্চা কান্নাকাটি শুরু করে। তাঁকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করে। পরে সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পশ্চিমপাশে ডোবার মধ্যে তাঁকে পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন ও প্রতিবেশিরা তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই গৃহবধূ মারা যান। তিনি জানান, পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। এঘটনার সত্যতা স্বীকার করে ইউপি সদস্য আক্কাছ আলী বলেন, ওই গৃহবধূ মৃগীরোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তাঁর মৃগীরোগ দেখা দিয়েছিলো। ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান,পানিতে ডুবে গৃহবধূ শাহনাজ মারা গেছেন বলে এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।