রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একদিনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনার উপসর্গ ছিল একজনের এবং করোনামুক্ত হয়েও পরবর্তি শারীরিক স্বাস্থ্য জটিলতা নিয়ে একজনের মৃত্যু হয়। আর একই সময়ে রাজশাহীর দুইটি ল্যাবে রাজশাহী জেলার ১০৫ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৭ শতাংশ বেড়ে সংক্রমণের হার ২৯ দশমিক ৫২ শতাংশ। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ২৫ দশমিক ১৫ শতাংশ।
এ তথ্য নিশ্চিত করে শনিবার (১৪ আগস্ট) দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কোভিড ইউনিটে মৃতদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী। যাদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিনজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন।
হাসপাতাল পরিচালক জানান, একই সময়ে কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২৬ জন। আর সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। শনিবার সকাল পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৩০ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন।
তিনি আরও জানান, কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৭৯ জনের করোনা পজেটিভ রয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৯০ জন, যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী নানা শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন আরও ৬১ জন।
হাসপাতাল পরিচালক আরও জানান, শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার ফলাফলে ৪ দশমিক ৩৭ শতাংশ বেড়ে সংক্রমণের হার ২৯ দশমিক ৫২ শতাংশ হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার ছিল ২৫ দশমিক ১৫ শতাংশ। আর গত বুধবার রাজশাহীতে সংক্রমণের হার ছিল ২৮ দশমিক ৬৩ শতাংশ, মঙ্গলবার ২৮ দশমিক ৮০ শতাংশ, সোমবার ২৩ দমশিক ১০ শতাংশ এবং গত রোববার ছিল ২৭ দশমিক ২৫ শতাংশ।