১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা পিসিডি-মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)-এর কর্মসূচীর সাথে সমন্বয়ে করোনার সময়ে মাসব্যাপী সংস্থার সাথে সম্পৃক্ত দরিদ্র,কর্মহীন, শ্রমজীবীদের মানবিক সহায়তা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে। পিসিডি তার নিজস্ব তহবিল থেকে পাবনা,নাটোর এবং সিরাজগঞ্জ জেলার ১৫টি উপজেলার মধ্যে ৮ লাখ টাকার ত্রান-সামগ্রী, মাস্ক, সাবান, গাছের চারা, দোয়ার মাহফিল, শোকাবহ ব্যানার প্রদর্শন, কালো ব্যাজ ধারন এবং নগদ অর্থ বিতরণের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। সংস্থার প্রধান কার্যালয়সহ প্রত্যেকটি শাখা অফিসে "জাতীয় শোক দিবস”বিষয়ক ড্রপ ডাউন ব্যানার টানানো হয়েছে এবং ১ আগস্ট হতে সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীগণ কালো ব্যাজ ধারন করছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে পিসিডির পক্ষ থেকে ১০ হাজার মাস্ক, ১০ হাজার গাছের চারা, ২ হাজার ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হবে। এছাড়াও সকল থানা এবং পুলিশ ফাঁড়িতে মাস্ক সরবরাহ করা হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে ৫টি স্থানে মিলাদ ও দোয়া মাহফিল এবং দরিদ্র,এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
করোনার শুরুতে পিসিডির পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ-তহবিলে ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ ছাড়া পাবনা ও সিরাজগঞ্জ জেলায় ৭ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী, ৫ হাজার মাস্ক, ৫ হাজার সাবান,করোনার বা কোভিড-১৯ এর সচেতনত ামূলক লিফলেট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
পিসিডি’র নির্বাহী পরিচালক মোঃ শফিকুল আলম জানান,কোভিড-১৯ এর সূচনালগ্ন থেকেই পিসিডির কর্মএলাকায় অসহায় দুস্থ, দরিদ্রদের মাঝে বিভিন্ন উপকরণ সামগ্রীসহ,নগদ অর্থ বিতরণ করে আসছে। ইতোমধ্যে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা উপলক্ষে গরীব অসহায় ও দুস্থ দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরও জানান,পিসিডি’র এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও পিসিডি সরকারের প্রণোদনা তহবিল থেকে প্রাপ্ত ১০ কোটি এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) থেকে ৩.৫ কোটিসহ সর্বমোট ১৩.৫ কোটি টাকা পিসিডির কর্মএলায় ঋণ সহায়তা প্রদান করেছে।