পাবনার সুজানগরের হাট-বাজারে কাঁচা মরিচের দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। এতে ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৮/১০ আগেও সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০থেকে ৭০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু মাত্র ৮/১০দিনের ব্যবধানে বর্তমানে উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ২০০‘শ থেকে ২১০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ কেনা সম্ভব হচ্ছেনা। এদের মধ্যে ২/৪ জন ক্রেতা অতি প্রয়োজনে কাঁচা মরিচ কিনলেও ১/২‘শ গ্রামের বেশি কিনতে পারছেন না। অনেকে আবার কাঁচা মরিচের বিকল্প হিসাবে আদা ও শুকনো মরিচ কিনছেন। পৌরসভার মানিকদীর গ্রামের ভ্যানচালক আবদুল লতিফ জানায়, গত বুধবার সে কাঁচা মরিচ কিনতে পৌর বাজারে গিয়েছিল। কিন্তু অতিরিক্ত চড়া দামের কারণে কিনতে পারেনি। পরে বিকল্প হিসাবে শুকনো মরিচ কিনেছে। উপজেলার মথুরাপুর গ্রামের খবির প্রামাণিক জানায়, হাট-বাজারে কাঁচা মরিচের যথেষ্ট আমদানি রয়েছে। কিন্তু তার পরও ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় মাত্রাতিরিক্ত চড়া দামে বিক্রি করছে। ফলে নিম্ন আয়ের মানুষ কাঁচা মরিচ কিনতে পাছেন না। তবে সবজি ব্যবসায়ীরা বলেন বৃষ্টি আর বন্যার পানিতে কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় আমদানি কমে গেছে। সেকারণে দাম বৃদ্ধি পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী বলেন কোন ব্যবসায়ী বাজারে কাঁচা মরিচের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কিংবা অধিক মুনাফা লাভের আশায় চড়া দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।