পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা নিতে অসংখ্য মানুষ ভিড় করছেন। এখানে স্বাস্থ্যবিধি কেউই মানছেন না। সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাসাঠাসি করে নারী-পুরুষ পৃথক দুটি বুথে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করেন। অনেকের মুখে আবার মাস্কও নেই। স্বাস্থ্যবিধির বালাই নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই করোনা সংক্রমণের আশঙ্কা করছেন অনেকে। কারণ ইতোমধ্যে আবাসিক মেডিকেল ডা: আরমিনা আকতারসহ একাধিক চিকিৎসক,নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
উপজেলা জুড়ে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে করোনাভাইরাস টিকা নিতে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। টিকা পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষ টিকা গ্রহণ করছেন। স্বাস্থ্যকর্মীরা টিকা দিতে হিমশিম খাচ্ছেন। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফার্মার প্রথম ডোজ টিকা প্রদান বন্ধ করা হয়েছে। টিকার সরবরাহ না থাকায় এই সিদ্ধান্ত হয়েছে। এখন দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজের টিকা। টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকেই লাইনে এসে দাঁড়াচ্ছেন মানুষ। বেশি ভিড় তবুও শেষ পর্যন্ত টিকা পেয়ে দারুণ খুশি তারা। গত শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৬৬০০ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১০ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেল টিকা নিতে আসা অসংখ্য নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে আছে। প্রচুর ভিড়। স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। ন্যূনতম দূরত্বও চোখে পড়েনি। সকাল ৭টার আগেই টিকা নিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন মানুষ। টিকা নিতে আসা সালেহা বেগম (৪৫) বলেন, করোনার এই সময়ে বাঁচতে হলে টিকা নিতেই হবে। তাই তিনি সকাল ৮টাতেই টিকা নিতে চলে আসেন। কিন্তু ততক্ষনে আরো বহু মানুষ টিকা নিতে চলে আসে। ভিড় বেশি হওয়ায় দুই ঘণ্টারও বেশি সময় পর টিকা নিতে সক্ষম হয়েছেন। তবুও টিকা পেয়ে খুবই খুশি তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ওমর ফারুক বুলবুল বলেন,সিনোফার্মার টিাকা সরবরাহ না থাকায় প্রথম ডোজ আর দেওয়া হচ্ছেনা। আমরা নানাভাবে স্বাস্থ্যবিধি মানাতে চেষ্টা করছি। প্রচার-প্রচারনা অব্যাহত রয়েছে। তারপরও মানুষের ভিড় বাড়ছে। আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। টিকা গ্রহীতাদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করছি।