পাবনার সুজানগর থানা পুলিশ ২‘শ পিস ইয়াবাসহ মাসুদ রানা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার সন্ধ্যা রাতে উপজেলার উলাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উলাট চন্ডীপুর গ্রামের টিপু শেখের ছেলে।
সুজানগর থানার ডিউটি অফিসার শফিকুল ইসলাম শফিক জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে উক্ত মাসুদ রানা ২‘শ পিস ইয়াবাসহ উলাট বাজারে তার আস্তানায় খদ্দেরের জন্য অপেক্ষা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই মাহমুদুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।