পাবনার সুজানগরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার ঘটনায় বিচার না পেয়ে এক ইউপি চেয়ারম্যানকে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে সুজানগর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা রাতে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়ীয়া বাজারে।
সুজানগর থানার এস,আই মাহমুদুর রহমান এলাবাসীর বরাত দিয়ে জানায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এএসএম শামছুল আলমের এক নিকটআত্মীয় যন্ত্রাংশ ব্যবসায়ী আবদুল কাদের পার্শ্ববর্তী তারাবাড়ীয়া গ্রামের মানিক মিস্ত্রির সাত বছরের এক শিশু কন্যাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তার সাতবাড়ীয়া বাজারস্থ ঐ যন্ত্রাংশের দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে বাজারের লোকজন এসে তাকে উদ্ধার করে। তবে এ সময় কাদের পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর বাবা মানিকসহ এলাকাবাসী ইউপি চেয়ারম্যান শামছুল আলমের কাছে কাদেরের বিচার দাবি করেন। তিনি এলাকাবাসীর দাবির মুখে সন্ধ্যায় সাতবাড়ীয়া বাজারে বসে সালিশী বৈঠকের মাধ্যমে অভিযুক্ত কাদেরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে এলাকাবাসীকে আশ্বাস দেন। কিন্তু চেয়ারম্যান শামছুল আলম সন্ধ্যা ৭টার দিকে ঐ বৈঠকে হাজির হলেও অজ্ঞাত কারণে অভিযুক্ত কাদেরকে সঙ্গে আনেন না। এ সময় সালিশী বৈঠকে আগত শত শত লোক ক্ষিপ্ত হয়ে তাকে বাজারের একটি দোকানে অবরুদ্ধ করে রাখেন। পরে থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে। থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান বলেন এ ব্যাপারে থানায় ধর্ষণের চেষ্টা ধারায় একটি মামলা হয়েছে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা শেষে আদালতের মাধ্যমে তার জবানবন্দি গ্রহণ করেছেন। আসামি কাদের গা-ঢাকা দিয়েছে। তবে তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মাহমুদুর রহমান জানান।