ভালো জাতের আম বলতে আমাদের মত ভোক্তা বা ক্রেতারা এমনকি ব্যবসায়ীরাও একবাক্যে বাঝেন হিমসাগর বা খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া এবং আ¤্রপালি। কিন্তু এরইমধ্যে রাজশাহীর বাজারে এসব আম নেই বললেই চলে। এসব আম মৌসুমের শুরুতে পানির দরে বিক্রি হলেও শেষ সময়ে রাজশাহীতে আমের বাজারদর যেন আকাশছোঁয়া। কারণ আর অল্প কিছুদিন পরেই বাজার থেকে হারিয়ে যাবে চলতি মৌসুমের আম। তাই শেষ সময়ে এসে চড়া দামে বিক্রি হচ্ছে এই রসালো সুস্বাদু ফল। এ কারণে যাদের গাছে আম রয়েছে তারা শেষ সময়ে কিছুটা হলেও ক্ষতি পুশিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
রাজশাহীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এখন বিক্রি হচ্ছে আ¤্রপালি, আশ্বিনা, ফজলি ও বারি-৪ জাতের আম। তবে আ¤্রপালি আছে একেবারে অল্প পরিমাণে। এবারের মৌসুমের শুরুতে আমের দাম কম থাকলেও এখন এই চার জাতের আমের দাম ব্যাপক চড়া। ফলে সাধারণ ক্রেতার হাতের নাগালের বাইরে চলে গেছে রাজশাহীর আম।
এ বিষয়ে এখানকার একাধিক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ মে থেকে আম পাড়ার সময় নির্ধারণ করা হলেও বাজারে পর্যাপ্ত আম আসতে থাকে জুন মাসের শুরুর দিকে। এর কারণ হিসেবে বলেন, একদিকে লকডাউন অন্যদিকে দামও ছিল অনেক কম। যে কারণে যথা সময়ে চাষীরা লোকসানের কথা ভেবে আম পাড়া থেকে বিরত ছিল। কিন্তু যখন দেখেছে লকডাউনও ছাড়ছেনা আবার আমও গাছে আর থাকছেনা, পেকে মাটিতে পড়ে নষ্ট হচ্ছে তখন একযোগে সকলেই আম পাড়া শুরু করেছিল। যে কারণে সেই কয়েকদিন পানির চেয়েও কম দামে আম বিক্রি হয়েছে। আর এখন মৌসুমের শেষে বাজারে আমের সরবরাহ না থাকায় প্রতি মণ আম বিক্রি হচ্ছে আগের দামের চেয়ে বহুগুণ বেশি দামে। তবে বর্তমানে বাজারে যেসব জাতের আম আছে সেগুলোও কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাই শেষ মুহূর্তে হু-হু করে বাড়ছে রাজশাহীর সুস্বাদু এই রসালো ফলের দাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, রাজশাহীতে ১৭ হাজার ৯৪৩ হেক্টর জমিতে এ বছর আমের মুকুল এসেছে। যাতে হেক্টর প্রতি ১১ দশমিক ৯ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়। কৃষি বিভাগের ধারণা। তবে লক্ষ্যমাত্রার চেয়েও এবার আমারে উৎপাদন বেশি হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, গুটি জাতের আম ১৫ মে, গোপালভোগ ২০ মে, লক্ষণভোগ বা লখনা ও রাণীপছন্দ ২৫ মে, হিমসাগর বা ক্ষিরসাপাত ২৮ মে, ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে ফজলি ও আ¤্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪ নামানো শুরু হয়। এখন চারটি জাত ছাড়া বাজারে অন্য কোনো জাতের আম নেই। সব আমই প্রায় শেষ।
রাজশাহী মহানগরীর রেল স্টেশন ও শিরোইল বাসস্ট্যান্ড, সাহেব বাজার, লক্ষ্মীপুর, কোট স্টেশন ঘুরে আম বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, ভালো জাতের আমের মধ্যে বাজারে অল্প পরিমাণ আ¤্রপালি আম আছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি আ¤্রপালি ১০০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আশ্বিনা ৭০ থেকে ৯০, বারি-৪ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ এবং ফজলি ৯০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এবার মৌসুমের শুরুতে হিমসাগর বা ক্ষিরসাপাত, গোপালভোগ, লক্ষণভোগ বা লখনা ফজলি আম ১০ থেকে ১৫ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, শেষ সময়ের দিকে আমের ভেতরে পোকা হয়ে যায়। বিশেষ করে ফজলি আমের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। সেজন্য এখন ব্যাগিং করা আমের চাহিদা বেশি। যে কারণে এসব আমের দামও বেশি হয়।
চলতি মৌসুমে আম ব্যবসায় কেমন লাভ হয়েছে বা হচ্ছে জানতে চাইলে বলেন, করোনা সংক্রমণের কারণে এবার রাজশাহীতেই দেশের প্রথম লকডাউন শুরু হয়। আর ওই সময়েই আম পাকা শুরু হয়েয়েছিল। যানবাহন বন্ধসহ করোনা সৃষ্ট জটিলতার কারণে এবার আমের সাথে জড়িত সর্বস্তরের সকলেই ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে বর্তমান সময়ে যেসব চাষির বাগানে আম রয়েছে তারা অনেকটাই ক্ষতি পুশিয়ে নিতে পারছেন। কিন্তু এখন আশ্বিনা ছাড়া অন্য জাতের গাছে তেমনটিও আম নেই, আবার আশ্বিনাও মোটামুটি নেমে গেছে। তবে যেসব চাষির গাছে আশ্বিনা আম রয়েছে তারা পুরোপুরি না হলেও ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার আম চাষি মো. সুমন সরকার রোববার (৮ আগস্ট) বিকেলে বলেন, করোনার কারণে এ মৌসুমে আমের দাম কম হবে তা আগেই হিসেব কষে ধারণা করেছিলাম। এবার অন্য বছরের মত কোন কারবার (পরিচর্যা) করেছিলাম না। ফলে লোকসান হয়েছে বলাটা একপ্রকার অন্যায় হবে। তবে অন্য বছরের ন্যয় হিসেব করলে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলা যেতে পারে।
একই উপজেলার বেলপুকুর এলাকার আম চাষি গোলাম মোস্তফা বলেন, করোনা আর লকডাউনের মধ্যে পড়ে এবারের মৌসুমে তিন লক্ষাধিক টাকা লোকসান হয়েছে। এখন আশ্বিনা আম নামাচ্ছি। একটু দাম বাড়ায় পুরোপুরি না হলেও ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।
রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম (বাজার) পুঠিয়ার বানেশ্বর বাজারের ব্যবসায়ী আকবর আলী বলেন, আ¤্রপালি, ফজলি আর বারি-৪ আম বড়জোর আর এক সপ্তাহ পাওয়া যাবে। তারপর এসব আমও শেষ হয়ে যাবে। এরপর ১০-১৫ দিন শুধু আশ্বিনা আম পাওয়া যাবে। তাহলেই এ বছরের মতো আম শেষ হবে। তবে কেউ যদি সংরক্ষণ করে রাখে সে বিষয়টি আলাদা।
মহানগরীর শিরোইল বাসস্টেন্ড এলাকার মৌসুমী আম ব্যবসায়ী আবদুল মমিন বললেন, গতবছর কোরবানি ঈদের আগেই আ¤্রপালি আমের দাম উঠেছিল কেজিপ্রতি দুইশ টাকা। সেই তুলনায় এবার তো আমের দাম অনেক কম। তবে চলতি মৌসুম বিবেচনায় এখন আমের দাম অনেক বেশি।
করোনার প্রভাবে এবার আমের বাজার খারাপই ছিল মন্তব্য করে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কে জে এম আবদুল আউয়াল বলেন, বর্তমানে বাজারে বিক্রি হওয়া আমের দাম সারা মৌসুমের তুলনায় বেশি। তবে এট না হলে এসব চাষি বা ব্যবসায়ী পুরোপুরিই ক্ষতির মধ্যে থেকে যেত। এখন শুধু বাগানে থাকা কিছু আশ্বিনা আম দিয়েই তারা তাদের ক্ষতি কিছুটা কাটতে পারে। তবে এই আমও আগামী কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে।