এখন গোটা বাংলাদেশ করোনা সংক্রমনের হটস্পট হয়ে উঠেছে। শহর থেকে গ্রাম সবখানে করোনা সংক্রমণ। কাজেই দেশের করোনা ডেডিকেটেড হাসপাতাল তো বটে জেনারেল হাসপাতালগুলোও করোনা রোগীদের ঠাসা। নতুন রোগী ভর্তি করার কোনো সুযোগ নেই। কিন্তু সংক্রমণ তো থেমে নেই। এহেন অবস্থায় হাসপাতালগুলোর ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। সাথে রয়েছে অক্সিজেন আইসিইউ ও লোকবলের সংকট। সবমিলিয়ে করোনার সংক্রমণ ঠেকাতে অস্থির সময় কাটছে বাংলাদেশের।
সংক্রমণ ঠেকাতে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলা। ঘরবন্দি হয়ে থাকার বৈজ্ঞানিক কারণগুলো মানার জন্য সরকারের লাগাতার লকডাউন ঘোষণা করলেও মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে। মানছেন না স্বাস্থ্যবিধি। কাজেই যা হবার তাই হচ্ছে। সংক্রমণ বাড়ছে। মৃত্যুর তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। হাসপাতালগুলোয় চিকিৎসাধীন রোগীদের জীবন মরণের খেলা চলছে। কে বাঁচে কে মরে কেউ জানে না। তবে সরকার যথাসাধ্য চিকিৎসাব্যবস্থা চালিয়ে যাচ্ছে। হাসপাতালগুলোয় রোগীর স্থান সংকুলান না হওয়ায় হোটেল ভাড়া নিয়ে সেখানে হাসপাতাল সেবা দেবার কথা ভাবছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমন ঘোষণা দিয়েছেন।
তবে পর্যবেক্ষক মহল মনে করে হোটেল ভাড়া না দিয়ে ফিল্ড হাসপাতাল নির্মাণ করে করোনা রোগের চিকিৎসায় অনেক সুবিধাজনক। অবশ্য ইতোমধ্যে গত ৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ১০০০ শয্যার একটি ফিল্ড হাসপাতাল উদ্বোধন করেছে। প্রাথমিকভাবে এ হাসপাতালে ৩৯৭ শয্যা নিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে আরো ৬০০ শয্যা যুক্ত করা হবে বলে জানা গেছে। বর্তমানে ৮০টি ইনসেন্টিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং হাই ডিপেন্ডসি ইউনিট (এইচডিইউ) থাকবে এখানে। যারা কোন হাসপাতালে ভর্তি হতে পারেননি তারা উদ্বোধনের পর থেকে হাসপাতালে করোনার চিকিৎসা নিতে পারবেন। অন্য হাসপাতাল থেকে আসা রোগী এখানে ভর্তি করা হবে না। তবে কোন হাসপাতাল কোন রোগী রেফার্ড করে তবে ভর্তি নেওয়া হবে।
সারা দেশে যেভাবে করোনা সংক্রমণ বেড়েছে এবং হাসপাতালগুলোর ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা তাতে সময় এসেছে সারাদেশে ফিল্ড হাসপাতাল নির্মাণের। আর এ ক্ষেত্রে আমাদের সেনাবাহিনীকে যুক্ত করা যেতে পারে। কারণ তারা প্রতিবছর বার্ষিক মহড়ার সময় ফিল্ড হাসপাতাল তৈরি করে। আজ মহামারীর এই ক্লান্তি লগ্নে তাদের সে অভিজ্ঞতা খুব সহজেই আমরা কাজে লাগাতে পারি। আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনী দেশের জনগণের দুর্যোগের সময় সবসময়ই এগিয়ে এসেছেন। জনগণের পাশে দাঁড়িয়েছেন। কাজেই হোটেল ভাড়া না করে সারাদেশে ফিল্ড হাসপাতাল নির্মাণ করে করোনার চিকিৎসা দিয়ে আক্রান্তদের বেঁচে থাকার পথ প্রশস্ত করা যেতে পারে। চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ অনেক দেশে করোনা সংক্রমণ রোধে ফিল্ড হাসপাতাল নির্মাণ করে তাৎক্ষণিক জনগণকে করোনা সেবা দিয়ে সফল হয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশের সফল হবে আশা করা যায়। এখন প্রয়োজন যথাযথ উদ্যোগ। এ ক্ষেত্রে দেশের সামর্থ্যবান শিল্প গ্রুপগুলো ফিল্ড হাসপাতাল নির্মাণে এগিয়ে আসতে পারেন। রাখতে পারেন চিকিৎসাসেবার অবদান।