মণিরামপুরে পিয়া মন্ডল (২২) নামের এক গর্ভবতী গৃহবধূ এবং তার তিন বছরের শিশু কন্যা কথার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার কুলটিয়া গ্রামের ফাল্গুন মন্ডলের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পিয়া মন্ডল মশিয়াহাটি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক কণার মন্ডলের স্ত্রী ও কথা মন্ডল তার একমাত্র কন্যা।
স্থানীয় কুলটিয়া ইউপি সদস্য শেখর মন্ডলসহ এলাকাবাসী জানায়, কণার মন্ডল স্ত্রী ও শিশু কন্যা নিয়ে কুলটিয়ার ওই বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার বিকেলে ওই বাড়ির রান্না ঘর থেকে একই দড়িতে ঝুলন্ত অবস্থার তাদের লাশ উদ্ধার করেন মণিরামপুর থানা পুলিশ।
খবর পেয়ে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছিয়ে মরদেহ দু’টি উদ্ধার করেন। অবশ্য এ ঘটনা নিশ্চিত করেছেন ওসি তদন্ত শিকদার মতিয়ার রহমান এবং সহকারি পুলিশ সুপার মণিরামপুর আশেক সুজয় মামুন।
এলাকার একাধিক সূত্র জানায়, প্রভাষক কণার মন্ডলের অন্য এক নারীর সাথে পরকিয়া রয়েছে। যে ঘটনার জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে তাদের বিবাদ চলছে বেশকিছুদিন ধরে। শনিবার কণার মন্ডল মাছ ধরতে যায় বাড়ি থেকে একটু দুরে। এ সুযোগে স্ত্রী পিয়া মন্ডল ও তার একমাত্র মেয়ে কথাকে নিয়ে একই দড়িতে ঝুলে রান্না ঘরের মধ্যে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন পুলিশ প্রশাসনসহ এলাকাবাসী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে ওসি রফিকুল ইসলাম জানান। প্রভাষক কণার একই ইউনিয়নের সুজাতপুর গ্রামের ননী গোপাল মন্ডলের ছেলে।