রাজশাহীর বাগমারায় দুই বখাটের বিরুদ্ধে এক ছাত্রীকে (১৫) যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে ওই ছাএী যৌন হয়রানির শিকার হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হলে পুলিশ দুই বখাটেকে গ্রেপ্তার করে। এই বিষয়ে নির্যাতিত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার হওয়া দুই বখাটে হলেন উপজেলার যোগিপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে সজিব প্রাং (১৯) ও বোয়ালিয়াপাড়ার সোলাইমান আলীর ছেলে মাহাবুর রহমান (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার কাতিলা সবুজ সংঘ স্কুল অ্যান্ড কলেজের এক এসএসসি পরীক্ষার্থী (১৫) অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বিদ্যালয়ে আসে। অ্যাসাইমেন্ট জমা দেওয়ার পর দুপুরে ওই ছাত্রী বাড়ি ফিরছিল। বিদ্যালয়ের অদূরে ওত পেতে থাকা দুই বখাটে সজিব ও মাহাবুর রহমান ছাত্রীর পিছু নেন। এ সময় ছাত্রীকে একাকী পেয়ে তাঁরা নানা ভাবে উত্ত্যক্ত করেন। ছাত্রীর সঙ্গে অশালীন আচরণও করেন বখাটেরা। এ সময় ছাত্রী চিৎকার শুরু করলে লোকজন ছুটে এসে ছাত্রীকে উদ্ধার করে। এ সময় লোকজন দুই বখাটেকে আটকে রেখে স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বখাটেকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বখাটেরা নিজেদের অপরাধের কথা স্বীকার করেন। এই বিষয়ে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বাদী ছাত্রীর বাবা অভিযোগ করেন, দুই বখাটে দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ থাকার কারণে তারা সুযোগ পায়নি। শনিবার বিদ্যালয়ে আসলে তাদের যৌন হয়রানির শিকার হয়।
যোগিপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, দুই বখাটেকে হাতেনাতে আটক করা হয়েছে। তাঁরা নিজেদের অপরাধের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।