রাজশাহীর চারঘাটের বড়াল নদীতে চায়না ম্যাজিক কারেন্ট জালের ফাঁদ পেতে নির্বিচারে ছোট-বড় ডিমওয়ালা মা মাছ শিকার করা হচ্ছে। উজাড় হচ্ছে এ অঞ্চলের প্রাকৃতিকভাবে উৎপাদিত মৎস্য সম্পদ। ভয়ংকর এ জালের ব্যবহার বন্ধ না হলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির আশঙ্কা দেখা দিয়েছে।
জানা যায়, চায়নার ম্যাজিক জাল এক ধরনের বিশেষ ফাঁদ। এটি প্রায় ৭০ থেকে ৮০ ফুট লম্বা। ছোট ছোট কক্ষ বিশিষ্ট খোপের মতো। এ জাল বড়াল নদের দুই পাশের বাঁশের খুঁটির সঙ্গে আড়াআড়ি ভাবে জালের দু'মাথা বেঁধে রাখা হয়। ছোট-বড় সব ধরনের ডিমওয়ালা মাছ এ জালে আটকা পড়ে।
পদ্মার শাখা বড়াল নদ সারা বছর পানিশূন্য থাকলেও বছরের এই সময়ে পানিতে টইটুম্বুর থাকে। এ বছর বর্ষার পানি পুরোপুরি আসার আগেই চারঘাটে বড়াল নদের বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে চায়না ম্যাজিক জালে। আর এসব জাল দিয়ে প্রাকৃতিক উৎসে ডিম দিতে আসা মা ও পোনা মাছ নিধন করছেন স্থানীয়রা।
জাল ব্যবহারকারীরা বলছেন, এমন কোনো মাছ নেই যা এই জালে ধরা পড়ে না। মৎস্য অফিস বলছে, এই জাল সর্বনাশা। এটা বন্ধ করা হবে। তবে এখন পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।
শুক্রবার সকালে সরেজমিন উপজেলার কালুহাটি, রামচন্দ্রপুর, পুঠিমারী এলাকায় বড়াল নদ ঘুরে সারি সারি চায়না জাল দেখতে পাওয়া যায়। সেখানে অসাধু জেলারা রাত-দিন অবাধে ছোট-বড় ডিমওয়ালা দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ধরছে।
জ্যৈষ্ঠ-আষাঢ় মাস মাছের প্রজননকাল। চায়না জাল দিয়ে মাছ ধরার কারণে নতুন পানিতে মা মাছ ডিম ছাড়তে পারছে না। যার ফলে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে। পোনা মাছও ধরা পড়ছে এই জালে। এভাবে অবাধে ডিমওয়ালা মাছ ও পোনা মাছ ধরলে মাছের অভাব দেখা দেবে।
কালুহাটি এলাকায় চায়না জাল দিয়ে মাছ দিয়ে মাছ ধরছিলেন বাদশা ইসলাম। তার ঝুড়িতে ছোট পোনা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ দেখা যায়। এসব মাছের অধিকাংশই ডিমওয়ালা।ডিমওয়ালা মাছ ধরা ঠিক কি না জানতে চাইলে বাদশা বলেন, আমরা গরিব মানুষ। শ্রমিক হিসাবে মাছ ধরা কাজ করছি। এ জাল সনজিত কুমার আড়তদারের। তার বড়ালের বিভিন্ন জায়গায় এরকম কয়েকটা জাল পাতা আছে।
পুঠিমারী গ্রামের আশরাফ আলী ২০ বছর ধরে বড়ালে মাছ ধরেন। তিনি বলেন, যারা প্রকৃতপক্ষে জেলে কিংবা মাছ ধরা যাদের বংশগত পেশা, তারা কখনো এই চায়না জাল দিয়ে মাছ ধরবেন না। শুধু মৌসুমি শিকারিরাই এমন সর্বনাশা কাজ করছে। এতে প্রকৃত জেলেরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লাহ বলেন, কালুহাটি ও রামচন্দ্রপুর এলকায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের বিষয়টি আমরা জানতে পেরেছি। এ জাল বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।