রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী দপ্তরের অফিস সহায়ক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ‘ইন্না লিল্লাহি..... রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। নিহতের নাম আরিফ-উর রহমান আরিফ (৩২)।
তাঁর পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম মাস্টার। বাড়ি তানোর পৌর এলাকার রায়তার বড়শো মহল্লায়। গত (৬ আগস্ট) শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আকচা স্কুল মোড় নামক স্থানে এক সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক গোরস্থানে মৃতের দাফন সম্পন্ন হয়। আরিফের দুই মেয়ে ও এক ছেলেসহ স্ত্রী রয়েছে।
ইউএনও দপ্তর ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত আরিফ ও তার বন্ধু আলমগীর মটর বাইক চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথের মধ্যে আকচা স্কুল মোড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এঘটনার বেশ কয়েক ঘন্টা পরে স্থানীয়রা দু’জনকেই উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। তবে, আহত আলমগীর হাসপাতালের বেডে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে।
এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, অনাকাংক্ষিত এক সড়ক দূর্ঘটনায় অফিস সহায়ক আরিফ মারা গেছে। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফেরাত কমনা করেন তিনি।