আজ থেকে দেশের ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। আগামী ১২ আগস্ট পর্যন্ত সারাদেশে ক্যাম্পেইন চালিয়ে ৩২ লাখ মানুষকে এ টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সরকার।
সেই ধারাবাকিতায় রাজশাহীর তানোরে ৭টি ইউনিয়ন ও ২টি পৌর এলাকায় আজ (৭ আগস্ট) শনিবার সকাল ৯টা থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আর এটি পরিদর্শনে নেমেছেন তানোর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ চন্দ্র দেবনাথ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামের তৃণমুল পর্যায়ে যে সকল মানুষ এখন পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেননি তাদের জন্য সরকার ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক টিকা প্রদান কার্যক্রম চালু করেছেন। এজন্য প্রয়োজন হচ্ছে জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর। এই টিকার প্রথম ডোজে যারা বয়স্ক ও প্রতিবন্ধী তাদের প্রতি গুরুত্বআরোপ করা হয়েছে।
তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. বার্নাবাস হাসদাক বলেন, প্রথম দিনের তালিকায় তানোরে ৭টি ইউনিয়ন ও ২টি পৌর এলাকায় এক থেকে তিন পর্যন্ত মোট ২৭টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে ২৩টি বুথ গঠনের মাধ্যমে ৪ হাজার ৬০০ জনকে টিকা প্রদানের কথা ছিল। তবে, ৪ হাজার ৫৯৩ জনকে এ টিকা প্রদান করেছেন স্বাস্থ্যকর্মীরা। এজন্য প্রতিটা কেন্দ্রে ৬ জন টিকাদান কর্মী ও একজন সুপার ভাইজার নিয়োগ করা হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ জানান, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মহামারি করোনা প্রতিরোধে গণহারে প্রথম ডোজ টিকা দেয়া কার্যক্রম শুরু হয়েছে। এটি আগামী ১২ আগস্ট পর্যন্ত চলবে। মহামারি করোনাকালিন সময় সরকার মানুষের জীবন রক্ষার জন্য সারা দেশব্যাপী তৃণমুল পর্যায়ে টিকা প্রদানের ব্যবস্থা করে ব্যাপক ভাবে প্রশংশিত হচ্ছেন। আমি সকাল থেকে প্রতিটা ইউনিয়নে গিয়ে এই টিকা প্রদান পরিদর্শন করেছি বলে জানান ইউএনও।