নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ ইউনিয়নে শনিবার ছয় হাজার টিকা দেয়া হবে। এজন্য ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুল হাকিম জানান, প্রতিটি ইউনিয়নে টিকা দেয়ার জন্য তিনটি করে বুথ খোলা হবে। প্রতিটি বুথে টিকা দিবেন একজন করে স্বাস্থ্য সহকারী ও একজন করে পরিবার পরিকল্পনা সহকারী। সেই হিসেবে ১০ ইউনিয়নে ৬০ জন কর্মী কাজ করবেন। তাদের কাজ তদারকির জন্যও টিম প্রস্তুত থাকবে। পরিবর্তীত পরিস্থিতিতে প্রতি বুথে দুইশ’ করে প্রতি ইউনিয়নে ছয়শ’ এবং এই হিসেবে ১০টি ইউনিয়নে মোট ছয় হাজার টিকা দেয়া হবে। এর আগে ৭ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট ১৮ হাজার টিকা দেয়ার পরিকল্পনা করা হয়েছিল।
উপজেলা করোনাভাইরাস কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান মিলন জানান, ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রম সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ইউএনওর সভাকক্ষে উপজেলা করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনওর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, ইউপি চেয়ারম্যান, স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা সহকারী ও ট্যাগ অফিসাররা এতে উপস্থিত ছিলেন।
তিনি জানান, উপজেলার সদর ইউনিয়নের মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের, হাতুড় ইউনিয়নের গাহলী উচ্চ বিদ্যালয়ে ৪, ৫ ও ৬ নং, খাজুর ইউনিয়নের খাজুর উচ্চ বিদ্যালয়ে ৪, ৫ ও ৬ নং, চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব উচ্চ বিদ্যালয়ে ৪, ৫ ও ৬ নং, রাইগাঁ ইউনিয়নের রাইগাঁ উচ্চ বিদ্যালয়ে ১, ২ ও ৩ নং, এনায়েতপুর ইউনিয়নের কালুশহর উচ্চ বিদ্যালয়ে ৪, ৫ ও ৬ নং, সফাপুর ইউনিয়নের জিতেন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪, ৫, ও ৬ নং, উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ১, ২ ও ৩ নং, চেরাগপুর ইউনিয়নের ধনজইল উচ্চ বিদ্যালয়ে ৭, ৮ ও ৯ নং এবং ভীমপুর ইউনিয়নের বাগাচারা মাদ্রাসায় ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের টিকা দেয়া হবে।