ধুন্দল একটি জনপ্রিয় সবজি। পাবনার বেড়া উপজেলা এবং এর আশেপাশের এলাকায় অন্যান্য ফসলের পাশাপাশি অনেক কৃষক ধুন্দলও চাষ করেছেন বলে জানা গেছে। ধুন্দল সাধারণত বাড়ির আশেপাশে, জমির আইলের পাশে,পুকুর পাড়ে চাষ করা হয়। সাধারণত বড় কোনো গাছে ধুন্দল গাছ তুলে দেওয়া হয় আবার অনেকে মাঁচাও করেন। এই বর্ষা মৌসুমেই ধুন্দল চাষের উপযুক্ত সময় বলে জানা গেছে। কৃষকরা অন্যান্য ফসলের সাথে ধুন্দল রোপণ করে সফলতা পেয়েছেন। বাজারে প্রতি কেজি ধুন্দল বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়।
পাবনার বেড়া উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ক্রেতাদের মধ্যে ধুন্দলের চাহিদা ব্যাপক। প্রতিটি সবজি বিক্রেতাই ধুন্দল বিক্রি করছেন দোকানে। নাকালিয়া বাজারের সবজি বিক্রেতা আব্দুল হাকিম জানান, অধিকাংশ ক্রেতাই অন্যান্য সবজির সাথে ধুন্দল কিনতে চায়। তাই এই সবজি রাখতেই হয়। সেখানে সবজি কিনতে আসা ক্রেতা নাসিম বলেন, পরিবারের সবাই ধুন্দল পছন্দ করে। তাছাড়া দামেও কম পাইছি। ২০ টাকা কেজি। পুষ্টিসমৃদ্ধ এই সবজি ক্রেতাদের কাছে ভালোই বিক্রি হয়। বেড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন চতুর হাটে দেখা যায় বিক্রেতারা সারি সারি ঝুড়িতে ধুন্দল বিক্রি করছেন। এদের মধ্যে সাঁথিয়া উপজেলার শহীদ নগর থেকে ধুন্দল বিক্রি করতে আসা কুরবান আলী জানান, অন্যান্য সবজির সাথে ধুন্দল চাষ করে তিনি লাভবান হয়েছেন। কারণ বাজারে এই সবজির চাহিদা ভালো। তার মতো আরো অনেকেই ধুন্দল চাষে সফলতা পেয়েছেন।