এখন আর কঠোর লকডাউন কেউই মানছেন না। হাট-বাজার,রাস্তা-ঘাট,দোতানপাট সর্বত্রই লোক সমাগম। চাটমোহর পুরাতন বাজার,নতুন বাজার,হান্ডিয়াল বাজার,ছাইকোলা বাজার,শরৎগঞ্জ বাজারসহ অন্যান্য বাজারেও অসংখ্য মানুষ চলাচল করেছে। স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। চাটমেহর পৌর শহরে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। পুলিশী তল্লাশী নেই বললেই চলে।
প্রতিদিন অসংখ্য মানুষ আর যানবাহন বের হচ্ছে রাস্তায়। কোথাও লকডাউনের কোন বালাই নেই। গতকাল বৃহস্পতিবার চাটমোহর পৌর শহরে ছিল যানজট। অধিকাংশ মানুষের মুখেই মাস্ক ছিলনা। হাট-বাজার,রাস্তা-ঘাটে লোকজনের চলাফেরা দেখে বোঝার উপায় ছিলনা দেশে করোনা মহামারী চলছে। সংক্রমণ ঠেকাতে চলছে বিধিনিষেধ।
সকাল থেকেই চাটমোহর পৌর শহরে অসংখ্য মোটরসাইকেল,নসিমন,অটোভ্যান,অটোবোরাক আর সিএনজি চলাচল করেছে। অসংখ্য মানুষ রাস্তায় বের হয়। পৌর শহরে কয়েকটি চাস্টল খোলা ছিল। গ্রামের হাট-বাজার আর রাস্তায় মোড়ের চাস্টলে ছিল ভিড়। স্বাস্থ্যবিধি মানা হয়নি।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,আমরা স্বাস্থ্যবিধি মানাতে সবাইকে সচেতন করছি। পুলিশ সার্বক্ষনিক মাঠে রয়েছে। লকডাউন অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।