করোনা যোদ্ধা ডাঃ মোসাব্বিরুল ইসলাম রিফাতের বদলি নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন যশোরের মণিরামপুরের সর্বস্তরের জনতা। এমনিতেই চিকিৎসকসহ জনবল সংকটে জর্জরিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যে কারণে এই বদলি নিয়ে সর্বমহলে প্রশ্ন উঠেছে। হঠাৎ গত মঙ্গলবার মেহেরপুর জেলার মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রিফাতের বদলির আদেশ মেনে নিতে পারছেন না কেউ। তার বদলি প্রত্যাহার পূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। রিফাতের বদলি ষড়যন্ত্রমূলক অবহিত করে আদেশ প্রত্যাহার করার দাবি করেন মানববন্ধনে উপস্থিত বক্তারা। এমনকি ডাঃ রিফাতের বদলির খবর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে নানা শ্রেণি পেশার মানুষের ফেসবুক আইডিতে সমালোচনার ঝড় উঠে।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ চিকিৎসক (সদ্য বদলি) সেবা দিয়ে মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হন। ইতোমধ্যে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের কাছে মানবিক ডাক্তার হয়ে উঠেছেন। একজন চিকিৎসক হয়েও রাত-দিন বিনা পয়সায় মানুষের সেবা দিয়ে ঈর্ষনীয় জনপ্রিয় হয়ে উঠেন ডাঃ রিফাত।
জানাযায়, ২০১৯ সালের ১০ ডিসেম্বর এ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন ডাঃ রিফাত। গেলো বছরের ৮ই মার্চে করোনা সনাক্তের পর করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে বিনা খরচে সেবা দিয়ে চলেন। সাথে সাথে সর্বসাধরনকে করোনা ভয়াবহতা সম্পর্কে সামাজিকভাবে কাজও করেছেন। তার এসব মানবিক কর্মকা-ে উপজেলার সর্বসাধারনের কাছে ঈর্ষনীয় জনপ্রিয়তায় পৌছান ডাঃ রিফাত।
মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিল যশোর জেলা শাখার আহ্বায়ক তাজাম্মুল হুসাইন টিটোর সভাপতিত্বে ও প্রত্যয় সমাজ উন্নয়মূলক সংগঠনের প্রতিষ্ঠাতা আক্তারুজ্জামান সুমনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা সন্দীপ ঘোষ, আসিফ খান অভি, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান দ্বীপ, সাইদুর রহমান জনি, মাহবুবুর রহমান, তারিক জামান জয়, প্রত্যয়ের প্রতিষ্ঠাতা সভাপতি তাসনিমুল হাসান প্রান্ত, শিক্ষার্থী সুফিয়া জাহান কবিতা, নাসুয়া সুলতানা আঁখি প্রমূখ।