বাড়ির মধ্যে চলছে হইচই। পা বাড়াতেই বেরিয়ে এলো কালিমাখা এক যুবক। বাড়িতে কি হচ্ছে জিজ্ঞাসা করতেই হেসে উত্তর আসলো ঘরোয়া পরিবেশে মুড়ি-খই ভাজা হচ্ছে, যা বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করা হয়। এভাবে বিগত ৩ বছর চলছে। ফলে লেখাপড়ার পাশাপাশি সংসার থেকে অভাব পালিয়েছে। চাকরি খুঁজে পাইনি তো, তাই এ পথ ধরা। এ কাজে নিজের পাশাপাশি বেশ কয়েকজনের কর্মসংস্থান হয়েছে। অভাবের সংসারে লেখাপড়া শেষ করে বড় ভাইও তার পথ ধরেছে। স্বকর্মসংস্থান সৃষ্টিকারী এই যুবকের নাম ইমামুল ইসলাম। সে ঝিনাইদহ কালীগঞ্জের উল্ল্যা গ্রামের গ্রাম পুলিশ আবদুল আজিজের পুত্র।
ইমামুলের স্বপ্নের কারখানায় ঢুকে দেখা যায়, বেশ কয়েকজন শ্রমিক যে যার মতো কাজ করছেন। ঘরোয়া পরিবেশে কেউ জলন্ত চুলায় বালুতে চাল ভাজছেন। কেউ চুলায় ফুটা গরম গরম মুড়ি পরিষ্কার স্বাস্থ্যসম্মত স্থানে ঢেলে রাখছেন। কেউ তা চালুনি দিয়ে বালি চেলে স্তুপে রাখছেন। আবার কেউ ওজন দিয়ে বিশেষ পন্থায় প্যাকেটে ভরছেন। এভাবে সবাই যেন নিজ নিজ কাজে ব্যস্ত আর বাড়ির মধ্যে ঢুকেই দেখা যায় ৩ কক্ষের টিনের ছাউনির ইটের ঘর। সব ঘর গুলোতে প্যাকেট করা মুড়ি, খই বাজারজাত করার জন্য রেখে দেয়া হয়েছে। এগুলো সংসারের অন্যান্য জিনিসের সঙ্গে একাকার হয়ে গেছে।
কারখানা পরিচালনা করা শিক্ষিত যুবক ইমামুল ইসলাম জানান, মাঠে তাদের কোন চাষযোগ্য জমি নেই। বসতভিটার ১২ শতক জমিই ছিল বাবার একমাত্র সম্বল। বাবা আব্দুল আজিজ গ্রাম পুলিশে অল্প বেতনে চাকরি করতেন। ফলে সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। এরমধ্যে ২ ভাই, ২ বোনের লেখাপড়ার খরচ জোগানো বাবার জন্য অত্যান্ত কষ্টকর ছিল। তাই বাবা নিজের চাকরির ডিউটি শেষ করে গ্রামে গ্রামে ঘুরে কাগজি লেবু কিনে স্থানীয় বাজার গুলোতে বিক্রি করতেন। বাবার এমন কাজে তারাও উদ্বুদ্ধ হয়ে নিজেদের স্বকর্মসংসস্থান তৈরিতে সচেষ্ট হয়।
অজপাড়া গাঁয়ের ক্ষুদে উদ্যোক্তা ইমামুল তার শৈশবের স্মৃতি চারণ করে জীবনের গল্প শোনালো এভাবে- বাবা যখন বাজারে লেবু বিক্রি করতেন, তখন ইমামুল ৪র্থ শ্রেনীর ছাত্র হয়েও স্কুল থেকে বাড়ি ফিরে নিজেদের মাঠ থেকে কলমি শাক তুলে বাবার পাশে বসে বিক্রি করতো। ইমামুল জানায়, এ থেকে যা আয় হতো তা দিয়ে ভাই বোনের লেখাপড়ার খরচ মেটাতাম। পরে ২০০৯ সালে জয়নগর প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষা দিয়ে রেজাল্ট হওয়ার আগে ক’মাস পরের ক্ষেতে ধান রোপণের কাজ করেছি। কাজের প্রতি আগ্রহ থাকায় গ্রামের মানুষ বড় মানুষের চেয়ে অর্ধেক টাকা দিতেন। এ টাকা জমিয়ে রেখে একটি ছাগল কিনি। পরে লেখাপড়ার পাশাপাশি এ ছাগল পালন করে ক’বছর পরে একবারে ২২টি ছাগল দেড় লাখ টাকায় বিক্রি করি। এ টাকায় বাড়িতে মুড়ি ভাজার কারখানা করি। বাবার নামে নাম দেই আজিজ মুড়ি।
কয়েক বছর এ ব্যবসা করে সংসার থেকে অভাব তাড়িয়েছি। এ মুড়ি স্বাস্থসম্মত উপায়ে ঘরোয়া পরিবেশে ভাজার কারণে অন্য মুড়ির চেয়ে স্বাদ ভালো হয়। তাই বাজারে কাটতিও বেশি। নিজেই ইঞ্জিন চালিত গাড়িতে বোঝাই করে কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর ও ঝিনাইদহ শহরের মুদিখানা দোকানে বিক্রি করি। আর যশোরে বিক্রি করি নিজেদের ভাজা খই। সে জানায়, বর্তমান ৪ ভাই-বোনের মধ্যে বড় ভাই ইকরামুল ইসলাম ইতিহাসে অনার্স মাস্টার্স শেষ করে যশোরের মনিরামপুরে তার মতো মুড়ির কারখানা করেছেন। আর আমি কোটচাঁদপুর সরকারি মোশাররফ কলেজের ইতিহাস বিষয়ে অনার্স শেষ বর্ষে। বড় বোন আয়েশা খাতুন অনার্স শেষ করে স্বাস্থ্যসহকর্মীর চাকরি করছেন। আর ছোট বোন রোকেয়া স্থানীয় স্কুলে ১০ম শ্রেনীর পড়ে। ইমামুল জানায়, সৎ পথে রোজগারের কোন কাজই ছোট নয়।
জামাল ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন মন্ডল জানান, গ্রাম পুলিশ আবদুল আজিজের মাঠে কোন চাষযোগ্য জমি নেই ঠিকই, কিন্তু তার যা আছে গ্রামের অনেক ধনী মানুষের তা নেই। কারণ সংসারে শত অভাবের মাঝেও তার সব গুলো ছেলেমেয়ে লেখাপড়া চালিয়ে গেছে। প্রত্যেকটি ছেলেমেয়ে পরিশ্রমি। তারা লেখাপড়ার পাশাপাশি বাড়িতে ঘরোয়া পরিবেশে মুড়ি ভেজে বাজারে বিক্রি করে থাকে। এখন দুই ছেলের দুটি মুড়ির কারখানা রয়েছে। বিশেষ করে ছোট ছেলে ইমামুল কাজের মাধ্যমে সংসার থেকে অভাব তাড়িয়ে দিন পাল্টে ফেলেছে।