দিনাজপুরের চিরিরবন্দরের পল্লীতে বিষযুক্ত স্প্রে প্রয়োগ করে জমির রোপণকৃত চারা নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি গত মঙ্গলবার উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের আন্ধারমূহা নামক স্থানে জনৈক মানিক হোসেনের জমিতে ঘটেছে।
জমির মালিক মানিক হোসেন জানান, উপজেলার আন্ধারমূহা মৌজার চারশত ৭৯ দাগে ২৫ শতক জমিটি গত ২৮ বছর ধরে ভোগদখল করে চাষাবাদ করে আসছি। এ জমিটিকে কেন্দ্র করে তার চাচাত ভাই শামসুল হক (৫৫) ও খাইরুল হকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার জমিতে গেলে বিষযুক্ত স্প্রে প্রয়োগ করে জমির রোপণকৃত চারা পোড়ানো দেখতে পাই। ঘটনাটি চিরিরবন্দর থানাসহ উপজেলা কৃষি অফিসে জানানো হয়েছে।
অপরদিকে শামসুল হক (৫৫) ও খাইরুল হক বিষযুক্ত স্প্রে প্রয়োগ করে জমির রোপণকৃত চারা নষ্ট করার অভিযোগ অস্বীকার করে জানান, ওই জমি নিয়ে তাদের দ্বন্দ্ব চলছে ঠিকই কিন্তু কে বা কাহারা এ কাজ করে থাকতে পারে।
উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা দীনেশ চন্দ্র রায় জানান, জমির ফসল নষ্ট করা দন্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্তপূর্বক প্রকৃত দোষী চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থার সুপারীশ করা হবে।