করোনা প্রতিরোধে টিকার দুই ডোজ নেওয়ার পরেও দিনাজপুরের বীরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে সুদিপ্ত দেব নাথ সবুজ নামে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মৃত্যু হয়েছে।
মৃত. সুদিপ্ত দেব নাথ সবুজ(২৭) বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মানকিরা গ্রামের শশী মোহন শর্মার ছেলে এবং বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (এসএপি) হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার ভোর ৪টায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আফরোজ সুলতানা লুনা জানান, গত ১৬ জুলাই জ¦র এবং গলা ব্যাথা নিয়ে হাসপাতালে এলে নমুনা পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হয়। পরে তাকে চিকিৎসাপত্র দিয়ে বাড়ীতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। গত ২৩ জুলাই শ্বাসকষ্ট নিয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। সেখানে ভর্তির পর ২৪ জুলাই তাকে আইসিইউ কেবিনে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান ৩ আগস্ট ভোর ৪টায় মারা যান তিনি। তার সেরামের দুই টিকা নেওয়া ছিলো বলে তিনি জানান।
এছাড়াও দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর বোচাগঞ্জে, খানসামা সদরে একজন করে তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৪৫জন। তবে একই সময়ে করোনা উপসর্গ নিয়ে আরও ৩জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দিনাজপুর জেলায় ৫০৭টি নমুনা পরীক্ষায় ১১৫জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২.৬৮শতাংশ।
মঙ্গলবার দিনাজপুরের সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করে জানান, দিনাজপুর জেলায় হোম আইসোলেশনে রয়েছে ১০১৮জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী ১১৫সহ করোনায় ভর্তি রয়েছেন ২১৫জন। বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত ১১১৮জন রোগী।
উল্লেখ্য, দিনাজপুরে করোনা আক্রান্ত ১১৫জনসহ দিনাজপুর জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২৯২৫জন, ৭৭জনসহ জেলায় এ পর্যন্ত সুস্থ ১১৫৬৩জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু ২৪৫জন।