পাবনার চাটমোহরে আঃ সালাম নামের এক ভ্যানচালক নিখোঁজ হওয়ার সাড়ে ৪ মাস পর সোমবার ( ২ আগষ্ট) রাতে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ মামলার ৪ আসামীকেই গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের জবেরপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৫০),উথুলী গ্রামের জাহের আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫),সাড়োরা গ্রামের ইন্তাজ আলীর ছেলে মোঃ বেলাল হোসেন (৩৮) ও মোঃ হেলাল উদ্দিন (৩৬)। মামলার বাদী নিখোঁজ আঃ সালামের স্ত্রী রুমা বেগম। মামলা নং ০৩/২১।
অভিযোগে বলা হয়েছে,গত ১৩ মার্চ’২০২১ ইং তারিখ দিবাগত রাত ৯টার দিকে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের জবেরপুর গ্রামের আফসার আলীর ছেলে ভ্যান চালক আব্দুস সালাম (৩৪)কে বিবাদীরা পরিকল্পিতভাবে বাড়ি থেকে একটি শালিসের কথা বলে ডেকে নিয়ে যায়। পরে তাকে আপহরণ করে অজ্ঞাতস্থানে আটক করে রেখেছে। আজ পর্যন্ত তার কোন সন্ধান পায়নি পরিবার। নিখোঁজের পরের দিন ১৪ মার্চ সালামের পিতা চাটমোহর থানায় হাজির হয়ে ছেলের সন্ধান চেয়ে একটি সাধারন জিডিও করেন। তখন পুলিশ বিষয়টি আমলে নেয়নি। পুলিশ বলেছিল আঃ সালাম নিজেই আত্মগোপন করেছে। কিন্তু তার কোন সন্ধান করেনি পুলিশ। নিখোঁজ আঃ সালামের পরিবারের দাবি ছিল সালামকে অপহরণের পর হত্যা বা গুম করা হয়েছে।
আঃ সালাম নিখোঁজ হওয়ার ৩ মাস পর গত ১৪ জুন’২০২১ তারিখ বেলা ১১ টায় জবেরপুর গ্রামের নিজ বাড়িতে নিখোঁজ আঃ সালামের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেদিন লিখিত বক্তব্যে নিখোঁজ আঃ সালামের স্ত্রী রুমা বেগম একই দাবি করে দোষী ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। একই দাবি করেন সালামের পিতা আফসার আলী ও মা সুরুতন নেছা। এ ব্যাপারে জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশ হলে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। শুরু করে তদন্ত। এর পরই মামলা গ্রহণ করা হলো।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন,ঘটনাটি আমি এখানে যোগদান করার আগের। আমি যোগদান করার পর বিষয়টির তদন্ত করা হয়েছে। বিবাদীরা আঃ সালামকে ডেকে নিয়ে গিয়েছিল। নিখোঁজ আঃ সালামের স্ত্রী অভিযোগ দায়ের করলে মামলা করা হয়েছে। আসামীদের আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিখোঁজ আঃ সালামের সন্ধান করা হচ্ছে।