জায়েদ খানের নতুন সিনেমা ‘টেনশন’। ‘অন্তর জ¦ালা’ প্রযোজনার পর তিনি এই সিনেমা নির্মাণের ঘেষণা দেন। কিন্তু এখন পর্যন্ত শুটিং শুরু করতে না পারায় ‘টেনশন’ নিয়ে নিজেই টেনশনে আছেন বলে জানিয়েছেন দাপুটে এই নায়ক। কয়েক দফা শুটিং শুরুর পরিকল্পনা করেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি বলে জানান জায়েদ খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটু গুছিয়ে পরিকল্পনা করে কাজটি নিখুঁতভাবে করতে চাই। কিন্তু করোনার কারণে সব পরিকল্পনা ভেস্তে যায়। সিনেমাটির শুটিংয়ে লোকজনের সমাগম থাকবে। কিন্তু এই পরিস্থিতিতে কীভাবে ইউনিট নিয়ে শুটিং করবো বুঝতে পারছি না। যে কারণে বিলম্ব হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু করবো।' জায়েদ খান সর্বশেষ গতমাসে 'জখম' সিনেমায় চুক্তিবদ্ধ হন। খুব শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে। এ ছাড়া তার হাতে কয়েকটি নতুন সিনেমা রয়েছে। এগুলোর শুটিংও আটকে আছে করোনার কারণে। যদিও এই নায়কের মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, শফিক হাসানের ‘বাহাদুরী’ মুক্তির অপেক্ষায় রয়েছে।