পাবনার সুজানগর পৌর শহরে চলতি লকডাউনে যাত্রীবাহী যেকোন ধরনের যানবাহন চলাচল বন্ধে সড়কে পাউয়ারটিলার ফেলে ব্যারিকেড সৃষ্টি করেছে সুজানগর থানা পুলিশ। যানবাহন চলাচল বন্ধে পুলিশের ব্যতিক্রম এই উদ্যোগে বিশেষ করে পৌর বাজারে যানবাহন এবং লোকসমাগম একদম কমে গেছে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান বলেন সড়কে বাঁশ বেঁধে অথবা কাঠের গুঁড়ি ফেলে পৌর বাজারে যাত্রীবাহী ভ্যান, রিকশা ও অটোবাইক যাতায়াত বন্ধ করা যায়না। ঐ সকল যানবাহন চালকরা বাঁশ এবং কাঠের গুঁড়ির ব্যারিকেড সরিয়ে অবাধে যাত্রী নিয়ে পৌর বাজারে প্রবেশ করে। এতে বাজারে ব্যাপক লোকসমাগম হয় এবং করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। আর সেকারণে থানা পুলিশ করোণা সংক্রমণরোধে পৌর বাজারে প্রবেশের প্রধান ঐ সড়কে বিকল দু’টি পাউয়ারটিলার ফেলে ব্যারিকেড সৃষ্টি করে যাত্রীবাহী ঐ সকল যানবাহনের অবাধ চলাচল বন্ধ করে দিয়েছে। পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন পৌর বাজারে প্রবেশের প্রধান সড়ক জিরো পয়েন্ট মোড়ে পাউয়ারটিলার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করায় যাত্রীবাহী ঐ সকল যানবাহন পৌর বাজারে অবাধে প্রবেশ করতে পারছেনা। এতে বাজারে লোকসমাগম কম হওয়ায় করোনা সংক্রমণের আশঙ্কা অনেকটা কমতে পারে।