জামালপুরের বকশীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিনদিন যাবত অনশন করছেন অনার্স পড়ূয়া এক শিক্ষার্থী। তবে বাড়ি ছেড়ে পালিয়েছে প্রতারক প্রেমিক ইলিয়াছ হক অন্তর। ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের খাসের গাঁও গ্রামে। অভিযোগ উঠেছে মেয়েটিকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করছে প্রেমিক অন্তরের পরিবারের সদস্যরা।
অনশনকারী ছাত্রীর পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেনের মেয়ে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসমিন আক্তারের (২২) সাথে প্রতিবেশী খাসের গাঁও গ্রামের শফিউল হকের ছেলে সেনা সদস্য ইলিয়াস হক অন্তরের নয় মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। প্রেমের একপর্যায়ে তারা মাঝে মধ্যে দেখা সাক্ষাত করতো। বেশ কয়েক বার ওই ছাত্রীর বাড়িতেও যায় অন্তর। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক অন্তর ওই শিক্ষার্থীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গত শুক্রবার সকালে প্রেমিক অন্তর ফোন করে ওই কলেজ ছাত্রীকে তার বাড়িতে দেখা করতে বলেন। ফোন পেয়ে ওই ছাত্রী অন্তরের বাড়িতে যান। কথাবার্তা বলার একপর্যায়ে অন্তরকে বিয়ের জন্য চাপ দেয় সে। কিন্তু অন্তর বিয়ে করতে অস্বীকৃতি জানান। এর পরেই ওই ছাত্রী বিয়ের দাবিতে সেখানে অনশন শুরু করেন। বিষয়টি মুহুর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় প্রেমিক অন্তর।
অনশনকারী কলেজ ছাত্রীর ভাই জানান, আমার বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছে। নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তার নিরাপত্তা নিয়েও আমরা এখন শঙ্কিত।
অনশনকারী কলেজছাত্রী জানান, আমার সহজ সরলতার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তর আমার সব শেষ করে দিয়েছে। বাড়িতে ডেকে এনে সে এখন পালিয়েছে। তার বাড়ির লোকজন আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। জোড়পূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার পায়তারা করছে। হয় বিয়ে না হয় আত্বহত্যা ছাড়া এখন আমার আর কোন পথ নেই।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান,বিষয়টি জানার পরই উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসা হয়েছিলো। কিন্তু কোন সুরাহা হয়নি। মেয়েটি এখনো অনশন চালিয়ে যাচ্ছে।
বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু বলেন,ঘটনাটি জানার পরই আমি ওই বাড়িতে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলেছি। প্রাথমিক ভাবে কোন সুরাহা না হওয়ায় মেয়েটির নিরাপত্তার স্বার্থে তিনজন চৌকিদারকে সেখানে পাহারায় রেখেছি। এ ছাড়া ইউএনও ও ওসিকে বিষয়টি অবগত করেছি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট বলেন, ঘটনাটি জানার পর ওই ছাত্রীকে লিখিত অভিযোগ দাখিল করতে বলা হয়েছে। কিন্তু ওই ছাত্রী ও তার পরিবার এখনো অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।