আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের টিকা প্রদান বিষয়ক এক পর্যালোচনা সভা রোববার (১ আগষ্ট) সকালে চাটমোহর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আ. হামিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান বিষয়ক বিস্তারিত তথ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল। তিনি জানান, করোনা নিয়ন্ত্রণে দ্রুত টিকাকরণ নিশ্চিত করতে চায় সরকার।আগামী ৭ আগস্ট ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান করা হবে। চাটমোহরে এজন্য ১৯ হাজার ৮০০ ডোজ টিকা পাওয়া গেছে। অথচ চাটমোহরে চাহিদা ৩৩ হাজার ডোজ। উপজেলার ১১টি ইউনিয়নের ৭ থেকে ১৪ আগস্ট পর্যন্ত সপ্তাহে ৩দিন টিকা প্রদান করা হবে। প্রতিদিন ৬০০ ডোজ টিকা দেওয়া হবে প্রতিটি ইউনিয়নে। গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক,ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র,শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্য অস্থায়ী টিকাদানকেন্দ্রগুলোও কাজে লাগানো হবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন একদিনেই হয়তো টিকা শেষ হয়ে যেতে পারে। এজন্য তিনি ইউপি চেয়ারম্যানসহ সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা চেয়ারম্যান বলেন সরকার টিকা কার্যক্রমকে আরও জোরদার করতে ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আমরা কঠিন সময় পার করছি। নিজেদের মধ্যে সমন্বয় করে আমাদের কাজ করতে হবে। আগামী ৮ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকরাও নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া যাদের বয়স এখন ২৫ বছর, তারাও করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন করতে পারছেন।
সভায় বক্তব্য রাখেন,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো,সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,ইউপি চেয়ারম্যান মোঃ সুরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী,উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমূখ।