জাতির পিতার জন্মশতবার্ষিকীর প্রধানমন্ত্রীর উপহারের রংপুর বিভাগের সবচেয়ে বৃহৎ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর নেতৃত্বে জেলা আশ্রয়ণ মনিটরিং কমিটির প্রতিনিধি দল।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক খালেদ মোহম্মদ জাকী ও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইমাম চৌধুরীর নেতৃত্বে জেলা আশ্রয়ণ মনিটরিং কমিটির প্রতিনিধি দল প্রথমে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেলীপাড়া আশ্রয়ণ প্রকল্প এবং পরে খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বালুপাড়া ২৪৩ ঘর বিশিষ্ট আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় সরকার প্রকৌলশ অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে জেলা প্রশাসক খালেদ মোহম্মদ জাকী এবং জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী আশ্রয়ণ প্রকল্পর বাসিন্দাদের সাথে কথা বলেন। এ সময় প্রকল্পের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রকল্পের বাসিন্দা বৃদ্ধা লিলুফা বেওয়া (৫৫) বলেন, স্বামীর মৃত্যুর পর এবাড়ী ওবাড়ীতে দিন কাটতো। শেখ হাসিনার বাড়ী পেয়ে নিশ্চিন্তে ঘুম দেন নিজ বাড়ীতে। এখন মৃত্যু হলেও তার কোন দুশ্চিন্তা থাকবে না, ছেলেমেয়েদের নিজের বাড়ীঘর নিয়ে। তিনি বলেন, যেকয়দিন পৃথিবীতে বেঁচে থাকবো, সে কয়দিন শেখ হাসিনার জন্য দোয়া করবো। তিনি যেন ভালো থাকেন। আমাদের মতো অসহায়দের জন্য কাজ করেন।
আরেক বাসিন্দা ছন্দা রানী রায় বলেন, এখানে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন। এ কারণে এখানে মসজিদ যেমন নেই, তেমনি মন্দিরও নেই। দুই সম্প্রদায়ের জন্য মসজিদ ও মন্দির নির্মাণের জন্য অনুরোধ করেন। একই সাথে শিশুদের জন্য খেলার মাঠও যেন করা হয় সেটিও দাবি করেন।
এ সময় জেলা প্রশাসক খালেদ মোহম্মদ জাকী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন মানুষকেও গৃহহীন থাকতে দিবেন না। যারা আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন তাদেরকে কর্মমূখি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার জন্য ইতোমধ্যেই প্রকল্প নেওয়া হয়েছে। দ্রুত এসব প্রশিক্ষণ শুরু করা হবে।
একইভাবে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর উপহারের বাসিন্দারা শেখ হাসিনার আত্মার আত্মীয়। তাদের ভাগ্যোন্নয়নের জন্য সবরকম কর্মসূচি নেওয়া হবে। সকলকে কর্মমূখি শিক্ষাদানের মাধ্যমে কর্মে নিয়োজিত করা হবে। এ সময় তিনি বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জন্য খুব দ্রুত জেলা পরিষদ থেকে একটি মসজিদ ও একটি মন্দির নির্মাণের কথা ঘোষণা দেন। যাতে করে বাসিন্দারা নিজ নিজ ধর্ম নিজের নিজের মতো করে পালন করতে পারেন।
শেষে জেলা প্রশাসক খালেদ মোহম্মদ জাকী ও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইমাম চৌধুরীর নেতৃত্বে আসা পরিদর্শনকারি দল উপজেলার দৌলতপুর-খয়েরবাড়ী এলাকার নবনির্মিত ফসলি জমির পানি নিষ্কাশনের ড্রেন পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, ফুলবাড়ীতে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ধর এক হাজার ১টি নির্মাণ করা হয়েছে। এরমধ্যে এখনও চলমান রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ঘর রয়েছে খয়েরবাড়ী বালুপাড়ায় ২৪৩টি। এটি রংপুর বিভাগের সর্বচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প।