গত শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জে রাস্তার ধারে গাছ লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ আবছার আলীর(৫২) নামে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় নিহতের ছেলে মোঃ ফাইয়ান ইসলাম বাদী হয়ে ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬জনকে আসামী করে শুক্রবার রাতে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-২২।
এদিকে ময়না তদন্ত শেষে শনিবার বিকেলে নিজ গ্রামে নিহতের লাশ দাফন করা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার এসআই স্বপন পাল জানান, মামলায় এজাহার নামীয় আসামী হিসেবে উপজেলার ভোগনগর ইউনিয়ন পরিষদের একজন সদস্য রয়েছেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারে আমাদের চিরুনী অভিযান চলছে।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল মতিন প্রধান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ গুরুত্বের সাথে হত্যাকান্ডের ঘটনাটি তদন্ত শুরু করেছে। দ্রুত জড়িদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নে এলাইগাঁও গ্রামে রাস্তার ধারে গাছ লাগানো কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মৃত লাল চান্দের ছেলে মোঃ আবছার আলী (৫২)নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই মোঃ আনোয়ারুল ইসলাম (৪৫)।