সরকারি কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে পাবনার চাটমোহর উপজেলায় আয়োজন করা হচ্ছে ফুটবল খেলার। আয়োজকরা বলছেন মানুষকে মুক্ত বিনোদন দিতে ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। অন্যদিকে সচেতর নাগরিকরা বলছেন জনসমাগম করে ফুটবল খেলার আয়োজনে বরোনা সংক্রমণ বেড়ে যেতে পারে। ইতোমধ্যে উপজেলার ঝাকড়া,শাহপুর,বাঙ্গালাসহ বিভিন্ন গ্রামে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের অসংখ্য নারী-পুরুষ,শিশু জড়ো হয়ে এসকল খেলা উপভোগ করেছে। মানা হয়নি স্বাস্থ্যবিধি,মুখে মাস্কও পড়া হয়নি।
উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাকড়া গ্রামে গত ২৯ জুলাই ফুটবল খেলার উদ্বোধন করেন হরিপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন। স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম এই খেলার আয়োজক।
এলাকাবাসী জানান,ফুটবল খেলার আয়োজনকে ঘিরে ঝাকড়াসহ আশপাশের গ্রামের মানুষের ভিড় ছিল উপচেপড়া। কোন প্রকার স্বাস্থ্যবিধি মানা হয়নি। এমনকি ইউপি চেয়ারম্যানসহ অধিকাংশ মানুষের মুখেই কোন মাস্ক ছিলনা। সন্ধ্যা পর্যন্ত শত শত নারী-পুরুষ এ খেলা উপভোগ করেন। খেলার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাস হয়েছে। আয়োজক রেজাউল করিম জানান,ঈদ উপলক্ষে গ্রামে এই খেলার আয়োজন করা হয়েছিল।
হরিপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন বলেন,আমি ঝাকড়া গ্রামে একটি দাওয়াতে গিয়েছিলাম। গ্রামের লোকজনের অনুরোধে খেলার উদ্বোধন করেছিলাম।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন,ফুটবল খেলার বিসয়টি আমার জানা নেই। জানতে ব্যবস্থা নিতাম। এ বিষয়ে খোঁজ রাখবো।